জলবায়ু তহবিলের অর্থ ব্যয়ে অপচয় ও দুর্নীতি হচ্ছে: মেনন
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বরাদ্দ অর্থ ব্যয়ে দুর্নীতি ও অপচয় হচ্ছে বলে অভিযোগ করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন।
রোববার রাজধানীতে জলবায়ু পরিবর্তন বিষয়ে এক আলোচনা সভায় এই অভিযোগ করেন সরকারের শরিক দল ওয়ার্কার্স পার্টির সভাপতি মেনন।
তিনি বলেছেন, “জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলার জন্য সরকার প্রতিবছর বাজেটে বরাদ্দ রাখছে, যার সদ্ব্যবহারের পরিবর্তে অপচয় বেশি হচ্ছে। এসব প্রকল্পে দুর্নীতিও হচ্ছে।”
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ‘এগ্রিকালচারাল প্যাটার্ন পোভার্টি অ্যান্ড ক্লাইমেট চেইঞ্জ: ভিশন স্ট্রাটেজি অ্যান্ড অ্যাকশন’ শীর্ষক সেমিনারের আয়োজন করে।
সেমিনারের প্রধান অতিথি বিমানমন্ত্রী বলেন, “জলবায়ু পরিবর্তনের সমস্যা নিয়ে কথা বলা এখন একটি ফ্যাশন হয়ে গেছে। দুদশক আগে বিশ্বায়ন নিয়ে কথা বলা আমাদের একটা ফ্যাশন ছিল। তখন বলা হতো, আমরা যদি বিশ্বায়নের সঙ্গে ঠিকমত মিশতে না পারি তাহলে সব শেষ হয়ে যাবে।
“আমার মনে হয় এ ফ্যাশনের ধারা থেকে বেরিয়ে নিজেদের সমস্যা নিজেদের বের করে সমাধানের উদ্যোগ নিতে হবে।”
পিকেএসএফের চেয়ারম্যান কাজী খলীকুজ্জমান আহমদের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কমিউনিটি ক্লাইমেট চেইঞ্জ প্রকল্পের সমন্বয়ক ফজলে রাব্বি ছাদেক আহমাদ ও পার্টিসিপেটরি রিসার্চ অ্যান্ড ডেভলপমেন্ট ইনিশিয়েটিভের প্রধান নির্বাহী মো. শামছুদ্দোহা।
খলীকুজ্জমান বলেন, “সরকার জলবায়ু তহবিলে যে অর্থ দিচ্ছে তার এক-তৃতীয়াংশ আপদকালীন সময়ের জন্য জমা রাখা হচ্ছে। বাকী দুই তৃতীয়াংশ অর্থ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের মাধ্যমে ব্যয় হয়। সেখানে ব্যয়ের স্বচ্ছতার অভাব আছে। অপচয়ও হতে পারে। কারণ এই তহবিলের অর্থ কোথায় কীভাবে ব্যয় হচ্ছে তা তদারকির কোনো ব্যবস্থা নেই। সরকার যে ট্রাস্ট করেছে সেখানেও জনবল নেই।
“বৈশ্বিক তহবিল থেকে অর্থ পাওয়া নিয়ে নানা কথা হচ্ছে, বলা হচ্ছে বাংলাদেশকে বৈশ্বিক তহবিল থেকে ঠিকমত অর্থ দেওয়া হচ্ছে না। কিন্তু এজন্য যে দেনদরবার করতে হয় তা আমরা পারছি না।”
গত ছয় অর্থবছরে সরকার জলবায়ু তহবিলে (ক্লাইমেট ট্রাস্ট ফান্ড) দুই হাজার ৯০০ কোটি টাকা দিয়েছে। আর বিদেশ থেকে এসেছে ১৮ কোটি ৬০ লাখ ডলার।
সরকারের দেওয়া অর্থের এক-তৃতীয়াংশ আপদকালীন সময়ের জন্য জমা রেখে এনজিওদের দেয়া হয়েছে ২৫ কোটি টাকা। বাকি অর্থ সরকারের মন্ত্রণালয়গুলো বিভিন্ন প্রকল্পে নিয়ে খরচ করছে।
সেমিনারের প্রবন্ধে জলবায়ু পরিবর্তনের দীর্ঘমেয়াদি প্রভাবের বিষয়ে সতর্ক থাকার ওপর জোর দেন ফজলে রাব্বি ছাদেক আহমাদ।
শামছুদ্দোহা বলেন, “জলবায়ু পরিবর্তনের প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়বে দেশের উপকূলীয় অঞ্চলের জনগণ। তাদের জন্য এখনই বিকল্প পরিকল্পনা দরকার।
“এছাড়া সামগ্রিক কৃষি খাত চ্যালেঞ্জের মধ্যে পড়বে। এতে কৃষি খাতে কর্মসংস্থান সংকুচিত হতে পারে। এজন্য শিল্প খাত সম্প্রসারণের মাধ্যমে নতুন কর্মসংস্থান সৃষ্টির ব্যবস্থা করতে হবে।”
অনুষ্ঠানে মুক্ত আলোচনায় বিভিন্ন এনজিওর কর্মকর্তারা সরকারি উদ্যোগে গবেষণার মাধ্যমে জলবায়ু পরিবর্তনের অভিঘাত চিহ্নিত করা ও তা থেকে উত্তরণের রূপরেখা তৈরির পরামর্শ দেন।
