২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গৃহবধূকে বিয়ের প্রস্তাব: ধাওয়ার পর ঝিলে ডুবে মৃত্যু

চট্টগ্রামে এক গৃহবধূকে বিয়ের প্রস্তাব দেওয়ার পর তার স্বামীর রোষানল থেকে বাঁচতে ঝিলে লাফিয়ে পড়ে পানিতে ডুবে এক যুবকের মৃত্যু হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2014, 07:21 PM

Updated : 22 Aug 2022, 07:24 PM

রোববার সকালে চট্টগ্রামের আকবর শাহ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ওবায়দুর রহমান ওরফে বাবু (২৫) ওই এলাকার গোল পাহাড় শেখ বাড়ির আব্দুর সাত্তারের ছেলে।

আকবর শাহ থানার ওসি আব্দুল মজিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাবু গত সপ্তাহে এক গৃহবধূকে বিয়ের প্রস্তাব দেন। সকালে ওই গৃহবধু তিন নম্বর ঝিলে কাপড় ধোয়ার সময় বাবু তার সাথে কথা বলতে গেলে তার স্বামী দেখে ফেলে।

“এ সময় বাবু ও তার সঙ্গী এমরান ঝিলে লাফ দেয়। এমরান সাঁতরে উঠতে পারলেও বাবু পানিতে ডুবে যায়।”

পরে বাবুকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।