২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘মানবাধিকারকর্মীদের’ গুলিতে কুয়াকাটায় আতঙ্ক

পর্যটন কেন্দ্র কুয়াকাটায় বেড়াতে যাওয়া বেসরকারি একটি মানবাধিকার সংগঠনের সদস্যদের ছোড়া গুলি আতঙ্কিত করল স্থানীয়দের।  

পটুয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2014, 06:58 PM

Updated : 22 Aug 2022, 07:24 PM

‘বাংলাদেশ মানবাধিকার কমিশন’ নামে ওই সংগঠনের সদস্যরা শনিবার রাতে সৈকত এলাকার লেবুর বনে বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়ে বলে স্থানীয়রা জানায়।

রাতে হঠাৎ এই গুলির শব্দে ‘জলদস্যু আতঙ্ক’ ছড়িয়ে পড়ে স্থানীয়দের পাশাপাশি পর্যটকদের মধ্যেও, শুরু হয় ছুটোছুটিও।

খবর পেয়ে কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে মানবাধিকার সংগঠনটির ওই দলের সদস্যদের অস্ত্র এবং তার লাইসেন্স জব্দ করেন।

পটুয়াখালীর পুলিশ সুপার সৈয়দ মোসফিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এভাবে গুলি চালানো বেআইনি। তাই তাদের অস্ত্র ও লাইসেন্স জব্দ করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

লতাচাপলি ইউনিয়নের পশ্চিম কুয়াকাটা ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি সুলতান ব্যাপারী জানান, রাত ১১টার দিকে ১০-১২টি মোটর সাইকেলে করে কুয়াকাটা জিরো পয়েন্টের দিক থেকে অপরিচিত ২০-২৫ জন লোক লেবুর বনে এসে হঠাৎ করে ফাঁকা গুলি ছুড়তে থাকে।

“প্রায় ২০ রাউন্ড গুলি করে তারা ফিরে যায় কুয়াকাটার দিকে। এতে পর্যটকসহ এলাকাবাসী আতংকিত হয়ে পড়ে।”

একটি অনুষ্ঠানে যোগ দিতে পটুয়াখালীতে আসা সংগঠনটির সদস্যরা কুয়াকাটায় ‘হলিডে হোমসে’ ওঠেন বলে সহকারী পুলিশ সুপার (কলাপাড়া সার্কেল) মো. মঈনুল হক জানান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাত ১১টার দিকে তাদের একটি দল দুটি পিস্তল ও একটি শটগান থেকে ফাঁকা গুলি করে। পরে নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে জানতে পারেন মানবাধিকার কর্মীরা এ ঘটনা ঘটিয়েছেন।”

ওই ব্যক্তিদের কাছ থেকে দুটি পিস্তল, একটি শটগান, পিস্তলের ২৪টি গুলি ও পাঁচটি শটগানের গুলি জব্দ করা হয়েছে। এছাড়া তাদের কক্ষে দুটি মদের বোতল ও ১৯টি গুলির খোসাও পাওয়া যায় বলে এএসপি মঈনুল জানান।

কুয়াকাটা নৌপুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সঞ্জয় মণ্ডল বলেন, দলে থাকা  তিন সদস্যের কাছে তিনটি অস্ত্র পাওয়া যায়। এর মধ্যে নুরুদ্দিন ইমরানের কাছে একটি শটগান এবং মো. কামরুজ্জামান ও আলমগীর হোসেনের কাছে একটি করে পিস্তল পাওয়া যায়।  

‘বাংলাদেশ মানবাধিকার কমিশনের’ সাধারণ সম্পাদক হলেন সাইফুল ইসলাম দিলদার। তবে তিনি এ দলের সঙ্গে কুয়াকাটা আসেননি বলে পুলিশ কর্মকর্তা সঞ্জয় জানান।

এ বিষয়ে রোববার রাতে বাংলাদেশ মানবাধিকার কমিশনের মহাসচিব সাইফুল ইসলাম দিলদারের সঙ্গে কথা বলতে তার মোবাইলে কল করা হলে তিনি ধরেই ‘পরে কথা হবে’ বলে লাইন কেটে দেন।

পরে সংগঠনটির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. তারেক চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাতে কী ঘটেছিল, তা আমার জানা নেই। হয়ত মহাসচিব ঢাকায় এসে সাংবাদিকদের জানাতে পারেন।”