না’গঞ্জে পোশাক শ্রমিককে ‘নির্যাতন ও হত্যা’
নারায়ণগঞ্জের এক পোশাক শ্রমিককে নির্যাতনের পর মুখে বিষ ঢেলে হত্যার অভিযোগ উঠেছে।
আবদুল আলিম জানান, রোবাবর ফেনী সদর হাসপতালে ফাতেমার মরদেহের ময়নাতদন্ত হয়েছে।
ফেইসবুকে পরিচয় থেকে প্রেমে জড়ানো কুমিল্লার চৌদ্দগ্রামের এক যুবকের সঙ্গে শুক্রবার দেখা করতে গিয়ে ফাতেমা নির্যাতন ও হত্যার শিকার হন বলে আলিম জানান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নারায়ণগঞ্জের ফ্যাশন গার্মেন্টসে চাকরির সুবাদে সেখানে বোনের বাড়িতে থাকতেন ফাতমা। সম্প্রতি ফেসবুকে চৌদ্দগ্রাম উপজেলার পদুয়া গুণবতি এলাকার সাগর টেলিকমের মালিক সাগরের সঙ্গে পরিচয় ও প্রেম হয় তার।
আলিম জানান, সাগরের সঙ্গে দেখা করার জন্য ফাতেমা গত ২৪ অক্টোবর রাত ১১টার দিকে চিটাগং রোড এলাকার বোনের বাসা থেকে বের হন। পরদিন সকালে সাগরের সঙ্গে তার দেখা হয়।
“কিন্তু ওইদিন দুপুরে ফাতেমা ফোন করে বলে, সে ভুল করেছে, তাকে ক্ষমা করে দিতে।
“বিকালে ফাতেমার মোবাইল ফোনে সাগর আমাকে জানায়, ফাতেমা বিষপান করেছে, তাকে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।”
ফাতেমার বড় ভাই আরো বলেন, “ফেনী সদর হাসাপাতালে ভর্তির সময় ফাতেমার আসল নাম পরিচয় গোপন করে নথিতে মনোয়ারা নাম লিপিবদ্ধ করে সাগর পালিয়ে যায়। হাসপাতালে ভর্তির কিছুক্ষণের মধ্যে ফাতেমা মারা যায়।”
ফাতেমাকে নির্যাতনের পর মুখে বিষ ঢেলে হত্যা করা হয়েছে বলে আবদুল আলিম ফেনী মডেল থানায় অভিযোগ করেছেন।
ফেনী মডেল থানার এএসআই সাজিদ কামাল জানান, ওসি মাহাবুব মোর্শেদ হাসপাতালে ফাতেমার লাশ দেখেছেন।
“ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এটি পর হত্যা না আত্মহত্যা তা নিশ্চিত হওয়া যাবে। ঘটনাটি চৌদ্দগ্রামে হওয়ায় নিহতের পরিবার সেখানকার থানায় মামলা করতে পারবে।”
ফেনী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) অসীম কুমার সাহা জানান, ময়নাতদন্তে মৃতার শরীরে কোনো আঘাতের চিহৃ পাওয়া যায়নি। তবে ভিসেরা রির্পোটের জন্য আলামত সংগ্রহ করে রাখা হয়েছে।
