২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পূর্ব রেলের দুইশ’ অবৈধ স্থাপনা উচ্ছেদ

চট্টগ্রাম নগরীতে পূর্ব রেলের সদর দপ্তর সিআরবি সংলগ্ন রেলওয়ে অফিসার্স কলোনির  দুইশ’ স্থাপনা উচ্ছেদ করেছে রেলওয়ে কর্তৃপক্ষ, যেগুলো প্রায় একযুগ আগে অবৈধভাবে গড়ে উঠেছিল।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2014, 08:33 PM

Updated : 22 Aug 2022, 07:22 PM

বৃহস্পতিবার দুপুরে রেল কর্মকর্তাদের উপস্থিতিতে বিপুল সংখ্যক পুলিশ এ অভিযানে অংশ নেয়।

রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা জসিম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রেলওয়ে হাসপাতালের পাশে রেলওয়ে অফিসার্স কলোনিতে প্রায় এক যুগ আগে এসব অবৈধ স্থাপনা গড়ে তোলা হয়।

“রেলের কিছু অসাধু কর্মকর্তা এ কাজে জড়িত ছিলেন। অতীতে যারা কলোনিতে বাসা বরাদ্দ পেয়েছিলেন তারা বাসা সংলগ্ন জমিতে এসব সেমিপাকা ও কাঁচা ঘর তুলে ভাড়া দিতেন।”

তিনি বলেন, “বর্তমানে বাসা বরাদ্দ পাওয়া অনেকে এ বিষয়ে অভিযোগ করেন। রেলের জমিতে এভাবে ঘর তুলে ভাড়া দেয়া অবৈধ। তাই উচ্ছেদ করা হয়েছে।”

ওই কলোনিতে আরও প্রায় পাঁচশ’ এ ধরনের অবৈধ স্থাপনা আছে বলে জানান তিনি।

জসিম উদ্দিন বলেন, “এসব ভাড়া ঘরে মাদক বিক্রিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড হত বলে অভিযোগ আছে।”

অভিযানে রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে ২৩০ জন পুলিশ সদস্যও অংশ নেন।