চট্টগ্রামে হাসপাতাল মর্গে অনিয়ম তদন্তের নির্দেশ
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে দালালদের দৌরাত্ম্য ও অনিয়মের অভিযোগ তদন্তে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) নির্দেশ দিয়েছে আদালত।
বুধবার সন্ধ্যায় চট্টগ্রাম মহানগর হাকিম আদালত-২ এর বিচারক মোহাম্মদ রহমত আলী স্বপ্রণোদিত হয়ে এ নির্দেশ দেন।
আদালতের বেঞ্চ সহকারী কামরুল ইসলাম জানান, ফৌজদারি কার্যবিধির ১৯০ (১) (গ) ধারার ক্ষমতাবলে বিচারক সিআইডির পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তার মাধ্যমে তদন্ত করে প্রতিবেদন জমা দিতে ৮ নভেম্বর পর্যন্ত সময় দিয়েছেন বিচারক।
নির্দেশে বলা হয়, জখমী সনদ ও পোস্টমর্টেম সংশ্লিষ্ট বিভাগে পোস্টমর্টেম সম্পাদন ও রিপোর্ট প্রদানের সাথে সংশ্লিষ্ট ডাক্তার, কর্মচারীদের নামের তালিকা এবং বর্তমান পদে তাদের কর্মকাল পৃথকভাবে তদন্ত প্রতিবেদনের সাথে দাখিল করতে সিআইডিকে নির্দেশ দেওয়া হলো।
প্রতিবেদনে বলা হয়, সুরতহালের পর লাশ হস্তান্তর ও সুরতহাল করাতে তিন থেকে দশ হাজার টাকা দালাল চক্রকে দিতে হয়।
বহিরাগত, অ্যাম্বুলেন্স চালক-সহকারী, মর্গে কর্মরত কিছু চিকিৎসক, পুলিশ ও হাসপাতালের কর্মচারী এই চক্রের সঙ্গে জড়িত বলে প্রতিবেদনে দাবি করা হয়।
আদালতের নির্দেশে বলা হয়, “এ কাজে সংশ্লিষ্ট চিকিৎসক, কর্মচারী, দালালচক্র, সিণ্ডিকেট বা অন্য কেউ যুক্ত কি না তার সত্যতা জানতে ও অপরাধীদের চিহ্নিত করে অপরাধ আমলে নিতে তদন্ত প্রতিবেদন প্রয়োজন।”
প্রতিবেদনে মেডিকেল কলেজের অধ্যক্ষ দালাল চক্রের সক্রিয়তা স্বীকার করলেও সুরতহাল প্রতিবেদন নিয়ে বাণিজ্যের বিষয়টি অস্বীকার করেন।
