২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বনানীতে পিয়াস করিমকে দাফন

ধানমণ্ডিতে নিজ বাসভবনে শ্রদ্ধা নিবেদনের পর দুই দফা জানাজা শেষে বনানী কবরস্থানে পিয়াস করিমকে দাফন করা হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2014, 04:32 PM

Updated : 13 Oct 2022, 12:41 PM

পুরনো খবর:

বায়তুল মোকাররমে পিয়াসের জানাজা
পতাকা অর্ধনমিত রেখে পিয়াসকে বিএনপির শ্রদ্ধা
শহীদ মিনারে প্রতিবাদী সমাবেশ

শুক্রবার বেলা ৩টায় তার দাফন সম্পন্ন হয় বলে পিয়াসের ভাই লোটাস করিম জানিয়েছেন।

দাফনের সময়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মাহবুবুর রহমান, নাগরিক সমাজের ফরহাদ মজহার, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, সাংবাদিক মাহবুব উল্লাহ, মুক্তিযোদ্ধা দলের ইশতিয়াক আজিজ উলফাৎ, ব্যবসায়ী নেতা আফতাব আহমেদ, অধ্যাপক আসিফ নজরুল, অধ্যাপক বোরহানউদ্দিন, গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জুনায়েদ সাকি, পিয়াস করিমের ছোট ভাই জহির করিমসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে জুমার নামাজের পর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে এবং তার আগে ধানমন্ডির বায়তুল আমান জামে মসজিদে পিয়াস করিমের জানাজা হয়।

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পিয়াস করিম গত সোমবার মারা যান। যুক্তরাষ্ট্র ও কানাডা থেকে আত্মীয়-স্বজনদের দেশে ফেরার অপেক্ষায় কয়েকদিন স্কয়ার হাসপাতালের হিমঘরে ছিল তার মরদেহ।

বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করলেও টেলিভিশন অনুষ্ঠানে আলোচক হিসেবেই বেশি পরিচিত ছিলেন পিয়াস করিম। গণজাগরণ আন্দোলন এবং যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া নিয়ে বিভিন্ন অনুষ্ঠানে তার বক্তব্য বিতর্কের জন্ম দেয়।

এ কারণে পিয়াস করিমের মৃত্যুর পর তাকে ‘শ্রদ্ধা নিবেদনের জন্য’ লাশ শহীদ মিনারে রাখার কথা বলা হলে সামাজিক যোগাযোগের ওয়েবসাইটগুলোতে প্রতিবাদের ঝড় ওঠে; বিভিন্ন ছাত্র ও সাংস্কৃতিক সংগঠন তা প্রতিরোধের ঘোষণা দেয়।

বিভিন্ন সংগঠনের বিরোধিতার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি না মেলার পর শহীদ মিনারে পিয়াস করিমের মরদেহ নেয়ার পরিকল্পনা থেকে সরে আসে তার পরিবার।

শুক্রবার সকাল ১০টায় পিয়াস করিমের মরদেহ স্কয়ার হাসপাতালের হিমঘর থেকে ধানমন্ডির বাসায় নেয়া হয়। সেখানে পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন ও ঘনিষ্ঠজনরা তার প্রতি শ্রদ্ধা জানান।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

এরপর ধানমণ্ডিতে প্রথম দফা জানাজা শেষে বেলা ১২টার দিকে তার মরদেহ আনা হয় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে।

জুমার নামাজের পর বায়তুল মোকাররমের খতিব মো. সালেহউদ্দিনের ইমামতিতে তার জানাজা হয়।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের শীর্ষ পর্যায়ের অনেক নেতা এবং জামায়াতে ইসলামীসহ ২০ দলীয় জোটের নেতারা জানাজায় অংশ নেন।

এছাড়া বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহ উদ্দিন আহমেদ, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান, সেন্টার ফর সাসটেইনেবল ডেভেলপমেন্টের সেক্রেটারি জেনারেল মাহফুজ উল্লাহ, সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক রুহুল আমিন গাজী, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, ব্যবসায়ী নেতা আফতাব আহমেদসহ বিভিন্ন পেশাজীবী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তার জানাজায় উপস্থিত ছিলেন।

জানাজার পর বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ প্লাজায় বিভিন্ন দল ও সংগঠনের পক্ষ থেকে পিয়াস করিমের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।