সিলেটে লরির ধাক্কায় কলেজবাস খাদে, নিহত ১
সিলেটের দক্ষিণ সুরমায় তেলবাহী ট্যাংকলরির ধাক্কায় কলেজবাস খাদে পড়ে এক ছাত্রী নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত ৪০ ছাত্রী।
দক্ষিণ সুরমা থানার ওসি মোরসালিন আহমদ জানান, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের সাতমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রুবি বেগম (১৭) দক্ষিণ সুরমা থানার ঝাঁঝর গ্রামের পংকি মিয়ার মেয়ে। হতাহতরা সবাই স্থানীয় নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজের ছাত্রী।
আহত ছাত্রীদের নর্থ ইস্ট মেডিক্যাল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে নূরজাহান মেমোরিয়ালের উপাধ্যক্ষ সুবল চন্দ্র দাশ জানান।
ওসি জানান, সকালে তেলবাহী একটি ট্যাংকলরি তাজপুর এলাকা থেকে দক্ষিণ সুরমাগামী নূরজাহান মেমোরিয়ালের শিক্ষার্থীদের বাসকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে বাসটি সড়কের পাশে খাদে পড়ে যায়।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে উদ্ধার তৎপরাতা শুরু করে। আহত ছাত্রীদের হাসপাতালে নেয়া হলে সেখানে মারা যান রুবি।
দুর্ঘটনা ঘটিয়ে ট্যাংকলরিটি দ্রুত পালিয়ে যায়। এ ঘটনার পর বিক্ষুব্ধ জনতা প্রায় দুই ঘণ্টা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রাখে।
বেলা ১২টায় সড়ক অবরোধ তুলে নেয়ার পর যান চলাচল স্বাভাবিক হয় বলে দক্ষিণ সুরমা থানার ওসি মোরসালিন আহমদ জানান।
