ভাষানটেকে খুন: চক্কা পাঁচ দিনের রিমান্ডে
রাজধানীর ভাষানটেকে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত আসামি শরীফ হোসেন ওরফে চক্কাকে জিজ্ঞাসাবাদে পাঁচ দিনের হেফাজত মঞ্জুর করেছে আদালত।
বুধবার ঢাকার মহানগর হাকিম মোস্তাফিজুর রহমান এ আদেশ দেন।
গত ৯ অক্টোবর মামাত বোনকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় বখাটেরা নাসিরকে (২৫) পিটিয়ে হত্যা করে।
মঙ্গলবার দুপুরে টাঙ্গাইলের ধনবাড়ী থানা এলাকায় এক আত্মীয়ের বাসা থেকে শরীফ হোসেন ওরফে চক্কাকে গ্রেপ্তার করে পুলিশ। চক্কা নিহতের ভাই মোশাররফ হোসেনের করা মামলার এজাহারভুক্ত আসামি।
ওই ঘটনা ধামাচাপা দেওয়ার অভিযোগের প্রেক্ষাপটে ইতোমধ্যে ভাষানটেক থানার পরিদর্শক তদন্ত গোলাম নবীসহ ১৯ পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
