২১ অগাস্ট মামলার প্রসিকিউশন দলে কাজল
দুর্নীতি দমন কমিশনের আইনজীবী মোশাররফ হোসেন কাজলকে ২১ অগাস্ট গ্রেনেড হামলার দুই মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী নিয়োগ দিয়েছে সরকার।
কাজলকে নিয়ে এ মামলায় রাষ্ট্রপক্ষের (প্রসিকিউশন) আইনজীবীর সংখ্যা দাঁড়াল ১৩ জনে।
বিচারের গতি বাড়াতে আইন মন্ত্রণালয়ের সলিসিটর উইং থেকে এ নিয়োগ দেয়া হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান ঢাকার মহানগর দায়রা জজ আদালতে রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি আবদুল্লাহ আবু।
তিনি বলেন, “দুই মামলায় রাষ্ট্রপক্ষের প্রসিকিউশন টিমের প্রধান সৈয়দ রেজাউর রহমানকে সহযোগিতার জন্য কাজলকে নিয়োগ দেওয়া হয়েছে।”
অবশ্য সৈয়দ রেজাউর রহমান, তার দুই জুনিয়র আইনজীবী এবং ঢাকার জেলা ও দায়রা জজ আদালতের প্রধান পাবলিক প্রসিকিউটর খন্দকার আবদুল মান্নান ছাড়া প্রসিকিউশনের অন্য আইনজীবীদের এ মামলার বিচারকাজে খুব একটা অংশ নিতে দেখা যায় না।
রেজাউর রহমানের দুই সহকারী আইনজীবী এ মামলার প্রসিকিউশন দলের অন্তর্ভুক্ত নন।
মোশাররফ হোসেন কাজল বলেন, জজ মিয়ার সাক্ষ্য নিয়ে সৃষ্ট জটিলতা ভেঙে আবার সাক্ষ্য গ্রহণ শুরু করতে রাষ্ট্রপক্ষকে সহায়তা করবেন তিনি।
আসামিপক্ষ এ মামলার সাক্ষী হিসাবে জালাল আহমেদ ওরফে জজ মিয়াকে জেরা করতে অস্বীকৃতি জানানোয় মঙ্গলবার এ জটিলতা সৃষ্টি হয়।
ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইবুনালের বিচারক শাহেদ নূর উদ্দিন আগামী ২১ এবং ২২ অক্টোবর এ মামলায় সাক্ষ্য নেওয়ার দিন রেখেছেন।
