২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

করিমগঞ্জে অনির্দিষ্টকালের জন্য সভা-সমাবেশ নিষিদ্ধ

কিশোরগঞ্জের করিমগঞ্জে একই স্থানে আওয়ামী লীগের দুটি পক্ষ পাল্টাপাল্টি সম্মেলন ডাকায় অনির্দিষ্টকালের জন্য সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে স্থানীয় প্রশাসন।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2014, 06:39 PM

Updated : 22 Aug 2022, 07:18 PM

অতিরিক্ত পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, আওয়ামী লীগের দুটি পক্ষ সম্মেলন ডাকায় সোমবার সকাল থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপজেলার দেহুন্দা ইউনিয়নের পাইলট হাইস্কুলসহ আশপাশের এলাকায় সব ধরনের সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা দিয়ে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

তিনি বলেন, করিমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আহবায়ক নাসিরুল ইসলাম খান আওলাদের ঘোষণা অনুযায়ী সোমবার কাদির দেহুন্দা ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনের পূর্ব নির্ধারিত তারিখ ছিল। এজন্য বেশ কিছু দিন ধরেই প্রস্তুতির কাজও চলছিল। পরে রোববার কাদিরজঙ্গল ইউপি চেয়ারম্যান ও জেলা শ্রমিক লীগ সভাপতি এবিএম সিরাজুল ইসলামও একই স্থানে পাল্টা সম্মেলন ডাকেন।

“পাল্টা-পাল্টি কর্মসূচি ঘোষণার কারণে সকাল থেকে দুপক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে প্রশাসনের পক্ষ থেকে ১৪৪ ধারা জারি করে এলাকায় মাইকিং এবং পুলিশ মোতায়েন করা হয়েছে।”