সীমান্তবর্তী ভারতীয় গ্রামে বিস্ফোরণ
ভারতের পশ্চিমবঙ্গে বর্ধমানে বোমা বিস্ফোরণের রেশ না কাটতেই একই ঘটনা ঘটেছে মালদহ জেলায় বাংলাদেশ সীমান্তবর্তী একটি গ্রামে।
নওগাঁর ওপারে বৈষ্ণবনগর গ্রামে রোববার একটি বাড়িতে ওই বিস্ফোরণের ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
পশ্চিমবঙ্গ পুলিশ বলছে, বৈষ্ণবনগর গ্রামের এই বাড়িটি বোমা তৈরি ও মজুদের কাজে ব্যবহার হত, যা ঠিক গত ২ অক্টোবর বর্ধমানের ঘটনারই পুনরাবৃত্তি বলে তাদের কাছে মনে হচ্ছে।
বর্ধমানের বিস্ফোরণে জড়িতরা বাংলাদেশের জঙ্গি সংগঠন জেএমবি সংশ্লিষ্ট বলে ভারতের গোয়েন্দাদের দাবি।
ঘটনাস্থল থেকে পুলিশের এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কী কারণে এবং কিভাবে ওই বিস্ফোরণ ঘটেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি, তবে এটি একটি শক্তিশালী বিস্ফোরণ ছিল।
“যে বাড়িতে বিস্ফোরণ ঘটেছে তার মেঝেতে তিন ফুট গভীর হয়ে গেছে এবং কাঠামো ধসে পড়েছে।”
বর্ধমানে বোমা বিস্ফোরণের ঘটনায় রাজ্য সরকারের বিষয়ে কেন্দ্রের হস্তক্ষেপের বিষয়ে সমালোচনা থাকলেও বৈষ্ণবনগর গ্রামের বিস্ফোরণস্থলে পশ্চিমবঙ্গ পুলিশের পাশাপাশি ভারতের কেন্দ্রীয় তদন্ত বিভাগ (সিআইডি) এবং জাতীয় তদন্ত সংস্থার (এনআইএ) সদস্যরাও উপস্থিত হন।
পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তি সত্ত্বেও বর্ধমানের ওই বিস্ফোরণের ঘটনার তদন্ত ভার রাজ্য পুলিশের কাছ থেকে এনআইএ’র হাতে তুলে দেয় ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
এনআইএ’র অভিযোগ, দুঃখজনক হলেও সত্য বর্ধমানের ওই বাড়ি থেকে উদ্ধার করা বিস্ফোরক ধ্বংস করে আলামত নষ্ট করেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক সংস্থাটির এক কর্মকর্তা বলেন, “কিন্তু আমরা বৈষ্ণবনগরে আমাদের একটি তদন্ত দল পাঠিয়েছি, যারা প্রমাণ সংগ্রহ করে দেখবে বর্ধমানের ঘটনার সঙ্গে জড়িতরাই এই বিস্ফোরণের সঙ্গেও রয়েছে কি না।”
বিস্ফোরণের পরপরই বৈষ্ণবনগর গ্রামের ওই বাড়ির বাসিন্দারা পালিয়েছে। এ কারণে ওই বাড়িটি বিস্ফোরক মজুদের কাজে ব্যবহার করা হত বলে পুলিশ মনে করছে।
এনআইয়ের ধারণা, বর্ধমানের ওই ঘটনার মত এই বাড়িটিও বাংলাদেশে ‘সন্ত্রাসবাদী’ কর্মকাণ্ড পরিচালনার জন্য বোমা চোরাচালানের কাজে ব্যবহার করা হত।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় পশ্চিমবঙ্গের ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রধান রাহুল সিনহা উষ্মা প্রকাশ করে বলেন, “কে বলে পশ্চিমবঙ্গে শিল্প ও বিনিয়োগের দুরাবস্থা। বোমা বানানো এখানে একটি রপ্তানিমুখী শিল্প হিসেবে গড়ে উঠেছে।”
কংগ্রেস এবং সিপিএম বৈষ্ণবনগর গ্রামের এই ঘটনার তদন্ত ভার এনআইএকে হস্তান্তরের তাৎক্ষণিক দাবি জানিয়েছে।
