জামালপুরে হোটেলে পল্লী চিকিৎসকের লাশ
জামালপুর শহরের একটি আবাসিক হোটেল থেকে এক পল্লী চিকিৎসকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
জামালপুর সদর থানার এসআই জয়নাল আবেদীন জানান, রোববার বিকালে শহরের পৌর বাস টার্মিনাল এলাকার নিরব আবাসিক হোটেলে লাশ পাওয়া যায়।
এসআই জয়নাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ১ অক্টোবর ওই চিকিৎসক হোটেল নিরবের ২৪ নম্বর কক্ষে উঠেন। সেখান থেকেই স্থানীয় একটি ওষুধের দোকানে বসে রোগী দেখতেন তিনি।
“শনিবার রাত ১১টায় তিনি ওই কক্ষে ছিলেন। রোববার বিকাল পর্যন্ত ওই কক্ষের ভেতরে কোনো সাড়া না পেয়ে হোটেল কর্তৃপক্ষ পুলিশকে খবর দেয়। পরে ওই কক্ষের তালা ভেঙ্গে ভেতর থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।
লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
