ফরিদপুরে দুই ব্যক্তিকে কুপিয়ে হত্যা
ফরিদপুর সদর উপজেলায় দুটি ঘটনায় দুই ব্যক্তিকে কুপিয়ে ও গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
এ দুই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন।
কোতয়ালি থানার ওসি সৈয়দ মোহসিনুল হক জানান, শনিবার গভীর রাতে উপজেলার কৃষ্ণনগর ও কৈজুরী ইউনিয়নে এ দুই ঘটনা ঘটে।
কৃষ্ণনগর ইউনিয়নের ঘটনায় নিহত নকুল কুমার বিশ্বাস (৪৫) একই ইউনিয়নের হাট গোবিন্দপুর গ্রামের নগেন্দ্র নাথ সরকারের ছেলে। এ ঘটনায় তার স্ত্রীকেও কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।
আর কৈজুরী ইউনিয়নের ঘটনায় নিহতের নাম মালেক শেখ। তিনি ওই ইউনিয়নের তাম্বুলখানার বেদবাড়িয়া গ্রামের বাসিন্দা। এ ঘটনায় তার স্ত্রী ও ছেলেকেও কুপিয়েছে দুর্বৃত্তরা।
এ দুই ঘটনায় আহতদের ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি মোহসিনুল জানান, শনিবার গভীর রাতে কৃষ্ণনগর ইউনিয়নে নিজের বাড়িতে ঘুমিয়ে থাকা অবস্থায় নকুলকে কুপিয়ে ও গলাকেটে হত্যা করে দুর্বৃত্তরা। আহত করা হয় তার স্ত্রীকে।
নকুলের স্ত্রী রিক্তা রাণী সরকার বলেন, শনিবার রাত সাড়ে ১২টার দিকে কয়েকজন দুর্বৃত্ত ঘরের দরজা ভাঙার চেষ্টা করে।
“আমি ঘুম থেকে জেগে দরজা খুললে তারা প্রথমে আমাকে কোপায়। তারপর ঘরে ঢুকে নকুলকে কুপিয়ে আহত করে। পরে তাকে ঘর থেকে টেনে হিঁচড়ে বারান্দায় নিয়ে গলা কেটে হত্যা করে।”
এ সময় রিক্তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা কয়েকটি হাত বোমা ফাটিয়ে পালিয়ে যায়।
ওসি বলেন, “জমি নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।"
স্থানীয়রা জানান, জমি নিয়ে নকুল কুমার বিশ্বাসের সঙ্গে একই গ্রামের নিরঞ্জন কুমার মিত্র ও বিশ্ব কুমার মিত্রের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। কয়েক মাস আগে আদালতের রায়ে নকুল কয়েকশ বিঘা জমির মালিকানা ফিরে পান।
হত্যাকাণ্ডের পর থেকে নিরঞ্জন ও বিশ্ব কুমারসহ তাদের পরিবারের লোকজন পলাতক বলে মোহসিনুল জানান।
অপরদিকে শনিবার রাত ১টার দিকে কৈজুরী ইউনিয়নের তাম্বুলখানার বেদবাড়িয়া গ্রামে মালেক শেখকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।
তার স্ত্রী বিলিয়া বেগম ও ছেলে শাকিল শেখ এগিয়ে গেলে তাদেরও কুপিয়ে জখম করা হয়।
কোতয়ালির ওসি সৈয়দ মোহসিনুল হক জানান, এ দুটি হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ তদন্ত করছে। সন্দেহভাজন হত্যাকারীদের আটকের চেষ্টা চলছে।
