চট্টগ্রামে পোশাককর্মীকে ধর্ষণের অভিযোগ
চট্টগ্রামের চান্দগাঁও থানার চর রাঙ্গামাটিয়া এলাকায় এক কিশোরী পোশাককর্মীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার রাতে এ ঘটনার পর ওই কিশোরীকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) রাখা হয়েছে।
এ ঘটনায় শনিবার রাতে নগরীর চান্দগাঁও থানায় মামলা করার প্রস্তুতি চলছে বলে পুলিশ জানায়।
ওই কিশোরী কক্সবাজার জেলার উখিয়ার বাসিন্দা। চর রাঙ্গামাটিয়া এলাকায় একটি বাসায় ভাড়া থেকে কালুরঘাট এলাকার একটি পোশাক কারখানায় কাজ করতেন তিনি।
চান্দগাঁও থানার এসআই নুরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হলে স্থানীয় যুবক মুসা ধর্ষণ করে বলে কিশোরী অভিযোগ করেছে।”
রোববার চিকিৎকের পরীক্ষার পর এই বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।
ওই কিশোরী পিতৃ-মাতৃহীন বলে পুলিশকে জানিয়েছে।
