২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুড়িয়ে হত্যার আসামির সন্ধানে পুরস্কার ঘোষণা

টাঙ্গাইলের মির্জাপুরে মা ও তিন মেয়েকে পুড়িয়ে হত্যার প্রধান আসামি মো. জাহাঙ্গীর আলমের সন্ধান দিলে এক লাখ টাকা পুরস্কারের ঘোষণা এসেছে।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2014, 07:50 PM

Updated : 22 Aug 2022, 07:17 PM

শনিবার মির্জাপুরে এসে পুলিশের ঢাকা রেঞ্জের উপ-মহাপরিদর্শক এস এম মাহফুজুল হক নুরুজ্জামান এই ঘোষণা দিয়ে বলেন, আসামি গ্রেপ্তারে পুলিশ সচেষ্ট রয়েছে।

গত সোমবার রাতে মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের সোহাগপাড়া গ্রামের মালয়েশিয়া প্রবাসী মজিবর রহমানের স্ত্রী হাসনা বেগম এবং তার তিন কিশোরী মেয়েকে ঘরসহ পুড়িয়ে হত্যা করা হয়।

এলাকাবাসীর অভিযোগ, স্থানীয় বখাটে জাহাঙ্গীর বিয়ের প্রস্তাব দিয়ে প্রত্যাখ্যাত হয়ে এই হত্যাকাণ্ড ঘটিযেছে।

জাহাঙ্গীরকে পাঁচ দিনেও পুলিশ গ্রেপ্তার করতে পারেনি।

মাহফুজুল হক মির্জাপুর থানায় সাংবাদিকদের বলেন, “আইন শৃঙ্খলা বাহিনী জাহাঙ্গীর ও এই হত্যার সাথে জড়িত সবাইকে গ্রেপ্তারের জন্য অভিযান চালাচ্ছে। আমরা এই ঘটনাকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেছি।”

পলাতক জাহাঙ্গীরকে যারা আশ্রয় দেবে তাদেরও আইনের আওতায় আনার ঘোষণা দিয়েছেন তিনি।

জাহাঙ্গীর দেশের বাইরে পালিয়েছেন কি না- সাংবাদিকদের এই প্রশ্নে পুলিশ কর্মকর্তা বলেন, “তার পাসপোর্ট জব্দ করা হয়েছে। তাই দেশের বাইরে যাওয়া তার পক্ষে সহজ হবে না। তারপরও এ ব্যাপারে আমরা তৎপর রয়েছি।”

শুক্রবার রাতে গাজীপুরের কালিয়াকৈর থেকে জাহাঙ্গীরের চাচা, মামলার এজাহারভুক্ত আসামি বাহারউদ্দিনকে গ্রেপ্তারের কথাও জানান তিনি। এ নিয়ে এই হত্যাকাণ্ডের পর ১০ জনকে গ্রেপ্তার করা হল।

আলোচিত এই হত্যার তদন্তের বিষয়ে প্রধানমন্ত্রীও প্রতিনিয়ত খোঁজ-খবর নিচ্ছেন বলেও জানালেন ডিআইজি।

সাংবাদিকদের সঙ্গে কথা বলার পর মাহফুজুল হক নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে তাদের বাড়িতে যান। এসময় পুলিশ সুপার সালেহ মোহাম্মদ তানভীর, অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) পঙ্কজ চন্দ্র রায় তার সঙ্গে ছিলেন।

পুরনো খবর:

টাঙ্গাইলে মা ও ৩ মেয়েকে পুড়িয়ে হত্যার অভিযোগ
চারজনকে পুড়িয়ে হত্যার অভিযোগে মামলা, গ্রেপ্তার ১