২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চারজনকে পুড়িয়ে হত্যার অভিযোগে মামলা, গ্রেপ্তার ১

টাঙ্গাইলের মির্জাপুরে এক প্রবাসীর স্ত্রী ও তিন মেয়েকে পুড়িয়ে হত্যার অভিযোগে দশ জনকে আসামি করে একটি মামলা দায়ের হয়েছে।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2014, 12:48 PM

Updated : 13 Oct 2022, 12:40 PM

পুরনো খবর:

টাঙ্গাইলে মা ও ৩ মেয়েকে পুড়িয়ে হত্যার অভিযোগ

মির্জাপুর থানায় দায়ের করা এ মামলায় প্রধান আসামি করা হয়েছে স্থানীয় বাহার উদ্দীনের ছেলে জাহাঙ্গীর আলমকে (২৫), যে ওই পরিবারের বড় মেয়ে মরিয়মকে (১৪) বেশ কিছু দিন ধরে বিয়ের প্রস্তাব দিয়ে আসছিল।

বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ার কারণেই মরিয়মদের বাড়িতে আগুন দেয়া হয় বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

সোমবার শেষ রাতে মির্জাপুরের সোহাগপাড়া গ্রামে ওই ঘটনায় নিহত হন মালয়েশিয়া প্রবাসী মজিবর রহমানের স্ত্রী হাসনা বেগম (৩০) এবং তার তিন মেয়ে মরিয়ম (১৪), মিলি (৪) ও মিম (৬)।

টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) পঙ্কজ চন্দ্র রায় জানান, রাত ৩টার পরে কোনো এক সময়ে ঘরের জানালা দিয়ে পেট্রোল ঢেলে ওই বাড়িতে আগুন দেয়া হয়। ফলে ঘুমন্ত অবস্থায় জীবন্ত দগ্ধ হন মা ও তার তিন মেয়ে।

পুলিশ ঘটনাস্থল থেকে পেট্রোলের দুটি কন্টেইনারও উদ্ধার করে।

এ ঘটনায় হাসনা বেগমের ভাই মো. মোফাজ্জল হোসেন মঙ্গলবার রাতে মির্জাপুর থানায় জাহাঙ্গীরসহ দশ জনের বিরুদ্ধে এই হত্যা মামলা দায়ের করেন।

ময়নাতদন্ত শেষে মঙ্গলবার রাতেই পারিবারিক কবরস্থানে হাসনা ও তার সন্তানদের দাফন করা হয়। স্ত্রী-সন্তানের মৃত্যুর খবরে মঙ্গলবার রাতেই দেশে ফেরেন মরিয়মের বাবা মজিবর রহমান।

মির্জাপুর থানার ওসি গোলাম মোস্তফা জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে জাহাঙ্গীরের ভাই আবু হানিফকে মঙ্গলবার রাতে উপজেলার বালিয়াজান থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এর আগে আলী হোসেন নামের এক রিকশা চালককেও আটক করা হয়, যে সেই রাতে ২০০ টাকার বিনিময়ে জাহাঙ্গীরের বাড়িতে পেট্রোলের দুটি কন্টেইনার পৌঁছে দেয়। পরে জাহাঙ্গীরের চাচীকেও পুলিশ আটক করে।

জাহাঙ্গীরের বাড়ীর আর সবাই ঘটনার পর থেকেই পলাতক।