নৌবাহিনীকে উদ্দীপনা দিলেন প্রধানমন্ত্রী
নৌবাহিনীকে আরও শক্তিশালী করতে সরকারের পরিকল্পনা তুলে ধরে বিশাল সমুদ্র সীমা নৌসদস্যদের নতুন উদ্দীপনা নিয়ে কাজ করে যাওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার চট্টগ্রামের নেভাল বার্থে বাংলাদেশ নৌবাহিনীর প্রথম মিসাইল ফ্রিগেট বিএনএস ওসমানকে ‘ন্যাশনাল স্ট্যান্ডার্ড’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে ‘ন্যাশনালস্ট্যান্ডার্ড সম্মাননা’ গ্রহণ করেন বিএনএস ওসমানের কমান্ডিং অফিসার ক্যাপ্টেন আমিনুল ইসলাম খান। অনুষ্ঠানে নৌবাহিনীর প্রধান ভাইস এডমিরাল এম ফরিদ হাবিব উপস্থিত ছিলেন।
নৌবাহিনীর উন্নয়নে সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন,“আমি বিশ্বাস করি- নতুন উদ্দীপনা ও মনোবল নিয়ে দেশের বিশাল জলসীমা, সার্বভৌমত্ব রক্ষা, সমুদ্র সম্পদের সংরক্ষণ ও নিরাপত্তা নিশ্চিত করতে আপনারা নিবিড়ভাবে দায়িত্ব পালন করে যাবেন।”
তিনি বলেন, নৌবাহিনীকে দক্ষ, আধুনিক ও ভারসাম্যপূর্ণ ত্রিমাত্রিক বাহিনী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সরকার স্বল্প ও দীর্ঘ মেয়াদি পরিকল্পনা গ্রহণ করেছে, যা ২০৩০ সালের মধ্যে বাস্তবায়িত হবে।
“আমাদের সরকারের সময়ে মোট ১৬টি জাহাজ, দুটি হেলিকপ্টার ও দুটি মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট নৌবাহিনীতে সংযোজন করা হয়েছে। নেভাল এভিয়েশান ও আনকনভেনশনাল ওয়ারফেয়ার এর জন্য স্পেশাল ফোর্স সোয়াডস্ কমিশন করা হয়েছে।”
বঙ্গোপসাগরে বর্ধিত কর্ম পরিধি ও সমুদ্র সম্পদ আহরণের ক্ষেত্রে হাইড্রোগ্রাফিক জরিপ কর্মকাণ্ড সম্পাদনে নৌবাহিনীতে চিফ হাইড্রোগ্রাফার ও এ সংক্রান্ত সাংগঠনিক কাঠামো গঠনের বিষয়টি অনুমোদিত হয়েছে বলে অনুষ্ঠানে জানান প্রধানমন্ত্রী।
শক্তিশালী নৌবহর গঠনের লক্ষ্যে দুটি অত্যাধুনিক করবেট চীনে নির্মাণাধীন রয়েছে জানিয়ে শেখ হাসিনা বলেন, এ দুটি আগামী বছর বহরে সংযোজিত হবে।
দুটি সাবমেরিন আগামী বছরের মধ্যে সংযোজিত হবার আশা প্রকাশ করে তিনি বলেন, পটুয়াখালীর রাবনাবাদ এলাকায় সাবমেরিন বার্থিং এবং এভিয়েশন সুবিধা সম্বলিত নৌবাহিনীর সর্ববৃহৎ ঘাটির কার্যপ্রক্রিয়া শুরু হয়েছে।
‘সমুদ্র জয়ে’ পাওয়া বিশাল সমুদ্র এলাকার সম্পদ আহরণ ও সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে বিভিন্ন পরিকল্পনা গ্রহণের কথা জানান প্রধানমন্ত্রী।
সম্পদ আহরণ ও নিরাপদ বাণিজ্য নিশ্চিতে সমুদ্র এলাকার অনুকূল পরিস্থিতি নিশ্চিত ও নিরাপত্তা বিধান অপরিহার্য উল্লেখ করে এ লক্ষ্যে নৌবাহিনীকেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।
২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত ও সমৃদ্ধ দেশে পরিণত হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, “২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে উন্নীত করা হবে। ২০৪১ সালে বাংলাদেশ উন্নত সমৃদ্ধ দেশে পরিণত হবে।”
অনুষ্ঠানে জানানো হয়, বিএনএস ওসমান বাংলাদেশ নৌবাহিনীর প্রথম মিসাইল ফ্রিগেট। ১৯৮৯ সালের ৪ নভেম্বর এটি নৌবাহিনীর বহরে যুক্ত হয়।
২৫ বছর ধরে আর্ন্তজাতিক পরিমণ্ডলে ও দেশের সমুদ্র সীমায় সফলভাবে দায়িত্ব পালন করায় ফ্রিগেটটিকে এ সম্মাননা দেওয়া হল।
বিএনএস ওসমান ২০১০ সালের ১০ মে থেকে প্রায় চার বছর জাতিসংঘের ইন্টারিম ফোর্সের হয়ে লেবানন মেরিটাইম টাস্কফোর্সের অন্যতম জাহাজ হিসেবে ভূমধ্য সাগরে দায়িত্ব পালন করে।
২০১৪ সালের ১১ অগাস্ট ফ্রিগেটটি বাংলাদেশে ফিরে আসে। গত চার বছরে বিদেশে দায়িত্ব পালনকালে এটি প্রায় ৪৩০ কোটি টাকার সমান বৈদেশিক মুদ্রা অর্জন করে।
বর্তমানে জাহাজটি দেশের সমুদ্রসীমার নিরাপত্তা রক্ষার দায়িত্বে নিয়োজিত আছে।
