শেরপুর কারাগারে আসামির 'আত্মহত্যা'
শেরপুর জেলা কারাগারে হত্যা মামলার এক আসামি আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে জেল কর্তৃপক্ষ।
সোহরাব আলী (৩২) নামে ওই হাজতি ১৭ এপ্রিল থেকে কারাগারে ছিলেন। তিনি সদর উপজেলার রৌহা চরপাড়া গ্রামের আব্দুল জব্বারের ছেলে।
শেরপুর জেলা কারাগারের জেল সুপার মজিবুর রহমান জানান, শনিবার সকাল ৮টার দিকে জেলা কারাগারের মাধবী ওয়ার্ডে এ ঘটনা ঘটে। সোহরাব জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বড় ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগে করা একটি মামলার আসামি।
"সঙ্গে সঙ্গে উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে আনা হলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।"
চলতি বছরের ১৬ এপ্রিল জমি সংক্রান্ত বিরোধের জেল ধরে বড় ভাই কাশেম আলীকে (৪০) দা দিয়ে কুপিয়ে হত্যা করার অভিযোগে সোহরাবের বিরুদ্ধে একটি মামলা হয়। ১৭ এপ্রিল থেকে তিনি কারাগারে আটক ছিলেন।
এদিকে সোহরাব বন্দী অবস্থায় কীভাবে মারা গেছে তা জানেন না বলে জানান আসামির বাবা আব্দুল জব্বার।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এএফএম হাসান আল ইসলাম জানান, ওই আসামিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।
"তার মৃত্যু কিভাবে হয়েছে ময়নাতদন্ত ও ভিসেরা প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে।"
এ ঘটনায় শেরপুর সদর থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে বলে জানান শেরপুর সদর থানার ওসি মাজহারুল করিম।
