লক্ষ্মীপুরে নিজের অস্ত্রের গুলিতে পুলিশের মৃত্যু
লক্ষ্মীপুরে নিজের অস্ত্রের গুলিতে পুলিশের এক সহকারী উপ পরিদর্শকের মৃত্যু হয়েছে।
জেলার পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে লক্ষ্মীপুরের রায়পুর থানার সামনে একটি চায়ের দোকানে এ ঘটনা ঘটে।
আব্দুল জলিল (৫০) নামের ওই এএসআই লক্ষ্মীপুর পুলিশ লাইনের রিজার্ভ পুলিশ ছিলেন। তার বাড়ি নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার হরি বল্লভপুর গ্রামে।
পুলিশ সুপার জানান, রাতে রায়পুর থানা এলাকায় দায়িত্ব পালন শেষে থানার সামনে চায়ের দোকানে ঢোকেন। এ সময় নিজের রাইফেল রাখতে গিয়ে দুর্ঘটনাবশত ট্রিগারে চাপ পড়ে যায় এবং গুলি বেরিয়ে তার বুকে লাগে।
জলিলকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক নজরুল ইসলাম রাত ১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
তার লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে পুলিশ সুপার জানান।
