থানছিতে চাল আত্মসাতের অভিযোগ
বান্দরবানের থানছি উপজেলার রেমাক্রী ইউনিয়ন পরিষদ চেয়াম্যানের বিরুদ্ধে ভিজিএফের চাল কালো বাজারে বিক্রি ও আত্মসাতসহ বিভিন্ন অভিযোগ উঠেছে।
৩৬৯ নম্বর সিঙ্গাফা হেডম্যান মুইসুইথুই জানান, রেমাক্রী ইউপি চেয়ারম্যান মালিরাম ত্রিপুরা ভালনারেবল গ্রুপ পিডিংয়ের (ভিজিএফ) তিন মেট্রিকটন চাল কালো বাজারে বিক্রি করে অর্থ আত্মসাত এবং প্রবারণার উৎসব উপলক্ষে ত্রাণ মন্ত্রণালয় থেকে আটটি বৌদ্ধ বিহারের জন্য বরাদ্দ দেয়া পাঁচ মেট্রিকটন চালের অর্ধেক আত্মসাত করেছেন তিনি।
তিনি আরো বলেন, এই ইউনিয়নের ভালনারেবল গ্রুপ ডেভেলপমেন্ট (ভিজিডি) কর্মসূচির আওতায় সরকার কতৃর্ক বরাদ্দকৃত চাল নিয়মিত বিতরণ না করে দুই-তিনমাস পরপর বিতরণ করছেন চেয়ারম্যান।
এ ব্যাপারে চেয়ারম্যান মালিরাম ত্রিপুরা বলেন, তিন মেট্রিকটন ভিজিএফ চাল বিক্রি করতে বাধ্য হয়েছেন পরিবহন খরচের জন্য।
বৌদ্ধদের বিহারে বরাদ্দ দেয়া পাঁচ মেট্রিকটন চাল বিহার কমিটির কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে এবং ভিজিডির চাল সুষ্ঠুভাবে বিতরণ চলছে বলে দাবি করেন।
বান্দরবান সদর উপজেলা নির্বাহী অফিসার ও থানছি উপজেলা (অতিরিক্ত দায়িত্ব) নির্বাহী অফিসার আমীর আবদুল্লাহ মুহাম্মদ মঞ্জুরুল করিম জানান, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
