নবীনগরে গ্রামবাসীর সংঘর্ষে যুবক নিহত
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় দুদল গ্রামবাসীর সংঘর্ষে টেটাবিদ্ধ হয়ে এক যুবক নিহত হয়েছেন, আহত হন অন্তত ১৫ জন।
বৃহস্পতিবার চরলাপাং গ্রামে এ সংঘর্ষে নিহত সুমন মিয়া (২২) স্থানীয় তাজু মিয়ার ছেলে।
আহতরা গ্রেপ্তারের ভয়ে বিভিন্ন স্থানে গোপনে চিকিৎসাধীন থাকায় তাদের পরিচয় জানা যায়নি।
নবীনগর থানার ওসি রুপক কুমার সাহা জানান, এলাকায় আধিপত্য নিয়ে চরলাপাং গ্রামের ধানেশ মেম্বার ও শওকত মেম্বারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।
এর জেরে বিকাল ৩টার দিকে দুপক্ষের কয়েকশ লোক দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।
সংঘর্ষ চলাকালে ধানেশ মিয়ার নাতি এবং তাজু মিয়ার ছেলে সুমন মিয়া টেটাবিদ্ধ হয়ে নিহত হন।
ওসি আরো জানান এ ঘটনায় চার জনকে আটক করা হয়েছে। মামলা দায়েরের প্রস্ততি চলছে।
