লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে আরো মামলা
হজ নিয়ে মন্তব্য করায় আব্দুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে একটি মামলায় সমন জারি করেছে মৌলভীবাজারের একটি আদালত।
বৃহস্পতিবার বড়লেখা আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম গাজী দোলোয়ার হোসেনের আদালতে মামলাটি করেন উপজেলার সুজানগর ইউনিয়নের খাদিমুল কোরআন পরিষদের সাধারণ সম্পাদক রহিম বখত মুসা।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে হজ ও তাবলিগ জামাত নিয়ে মন্তব্যের পর লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলায় বেশকিছু মামলা হয়েছে।
বড়লেখা আদালতের সহকারী সরকারি আইনজীবী (এপিপি) গোপাল দত্ত জানান, দুপুরে আদালত মামলাটি আমলে নিয়ে দণ্ডবিধির ২৯৫ (ক)/২৯৮ ধারায় আগামী ২০ অক্টোবর লতিফ সিদ্দিকীকে আদালতে হাজির হওয়ারিআদেশ দিয়েছে।
মামলার এজাহার থেকে জানা যায়, টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ছাতিহাটী গ্রামের প্রয়াত আব্দুল আলী সিদ্দিকীর ছেলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী লতিফ সিদ্দিকী সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটিতে প্রবাসীদের এক মতবিনিময় সভায় ইসলামের হজ নিয়ে কটূক্তি করে মুসলমানদের ধর্মীয় অনুভুতিতে আঘাত করেছেন।
