লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে চট্টগ্রামে আরেকটি মামলা
হজ নিয়ে মন্তব্য করায় ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে ডাক ও টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তিমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে চট্টগ্রামের আরেকটি মামলা হয়েছে।
বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর হাকিম ফরিদ আলমের আদালতে মামলাটি করার পর আদালত লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে সমনও জারি করেছে।
মামলাটির বাদী আবদুল হালিম খান বন্দর নগরীর পহাড়তলী ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও রেলওয়ে বাজার ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি।
বাদী পক্ষের আইনজীবী রফিকুল আহসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে দণ্ডবিধির ২৯৫-এ, ২৯৮ ও ১৫৩ (ক) ধারায় মামলাটি করা হয়।
“আদালত মামলা গ্রহণ করে লতিফ সিদ্দিকীকে হাজির হতে সমন জারি করেছেন।”
এর আগে গত ১ অক্টোবর চট্টগ্রামের মুখ্য মহানগর হাকিম আদালতে তিন আইনজীবী তিনটি মামলা করেন। একই দিন মহানগর হাকিম আদালতে অন্য একটি মামলা হয়।
এর পরদিন মহানগর জাতীয় পার্টি নেতা হুমায়ুন কবীর পাটোয়ারী আরেকটি মামলা করেন।
নিউ ইয়র্কে এক অনুষ্ঠানে হজ নিয়ে মন্তব্যের জন্য এ নিয়ে চট্টগ্রামে লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে চট্টগ্রামে মোট ছয়টি মামলা হল। তার বিরুদ্ধে মামলা হয়েছে বিভিন্ন জেলায়ও।
লতিফ সিদ্দিকীকে মন্ত্রিসভা থেকে বাদ দেওয়ার ঘোষণা ইতোমধ্যে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দলের সভাপতিমণ্ডলী থেকে বাদ দেওয়া হবে বলেও জানানো হয়েছে।
