সাদুল্লাপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত
গাইবান্ধার সাদুল্লাপুরে ট্রেনে কাটা পড়ে বাচ্চা মিয়া (৭০) নামে এক বৃদ্ধ মারা গেছেন।
উপজেলার নলডাঙ্গা রেলস্টেশনের উত্তর পাশে এক নম্বর রেল গেট এলাকায় বৃহস্পতিবার বেলা ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বাচ্চা মিয়ার বাড়ি উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের খামার দশলিশা গ্রামে।
স্থানীয়দের বরাত দিয়ে রেলওয়ে পুলিশের বোনারপাড়া থানার ওসি বিমল চাকী জানান, ওই এলাকায় রেল লাইনে বাচ্চা মিয়া বসেছিলেন। শান্তাহার থেকে ছেড়ে আসা লালমনিরহাটগামী পদ্মরাগ মেইল ট্রেনটি এলও তিনি বধির হওয়ায় ট্রেনের শব্দ শুনতে পাননি।
এতে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা আধুনিক হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
