এ সরকারের মেয়াদেই পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন: কাদের
আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের এ মেয়াদেই পার্বত্য শান্তিচুক্তির সব শর্ত বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার খাগড়াছড়িতে তিনটি সেতুর উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী বলেন, “বর্তমান সরকারের আমলে পার্বত্য শান্তির সব শর্ত বাস্তবায়ন করা হবে। এক্ষেত্রে কোনো প্রকার শিথিলতা হবে না।”
এর আগে তিনি চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের বাইল্লাছড়ি, সাপমারা ও তৈমাতাই এলাকায় ২৫ কোটি ৩৫ লাখ টাকায় নির্মিত তিনটি সেতু উদ্বোধন করেন।
অনুষ্ঠানে ওবায়দুল কাদের বলেন, খাগড়াছড়িতে সড়ক যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন এসেছে। সড়ক যোগযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটিয়ে পার্বত্য অঞ্চলকে অর্থনৈতিক জোন হিসেবে গড়ে তোলা হবে। এলক্ষ্যে ১৯০ কোটি টাকায় আরও ৫৭টি সেতু নির্মাণ প্রকল্প একনেকে অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
রাঙ্গামাটির সাজেক এলাকায় স্থলবন্দর নির্মাণের জন্য ভারতের সঙ্গে আলোচনা চলছে বলেও জানান তিনি।
খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা, জেলা পরিষদ চেয়ারম্যান চাইথো অং মারমা, জেলা প্রশাসক, পুলিশ সুপার প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।
