তিন জেলায় ৩ খুন
গাইবান্ধা, নোয়াখালী ও বরগুনায় দুদিনে তিনজন খুন হয়েছেন।
এরমধ্যে বৃহস্পতিবার গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় এক যুবককে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বুধবার নোয়াখালীর কবিরহাটে শ্বশুরবাড়ি বেড়াতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় নিহত হন এক যুবক।
একই রাতে বরগুনার বামনায় জেলা প্রশাসক কার্যালয়ের এক কর্মচারীকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষের লোকজন।
গাইবান্ধায় যুবককে গলা কেটে খুন
গোবিন্দগঞ্জের কোচাশহর ইউনিয়নের ধর্মপুর গ্রামে বৃহস্পতিবার দুপুরে প্রকাশ্যে গলা কেটে হত্যা করা হয় উজ্জ্বল (২২) নামের এক যুবককে। উজ্জ্বল ওই গ্রামের আতাউর রহমানের ছেলে।
গোবিন্দগঞ্জ থানার ওসি এ বি এম জাহিদুল ইসলাম স্থানীয়দের বরাত দিয়ে জানান, বেলা ১২টার দিকে উজ্জ্বল স্থানীয় বোনাতেলা বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথে বাড়ি থেকে এক থেকে দেড়শ গজ দূরে সেতুর উপর একদল দুর্বৃত্ত তাকে গলা কেটে হত্যা করে।
স্থানীয় একটি মেয়ের সঙ্গে তার প্রেমঘটিত কারণে মেয়েটির স্বজনরা এ হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারাণা করা হচ্ছে।
তিনি আরো জানান, পুলিশ লাশ উদ্ধার করে গাইবান্ধা আধুনিক হাসপাতাল মর্গে পাঠিয়েছে। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
কোচাশহর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু সুফিয়ান মন্ডল জানান, প্রতিবেশী এক মেয়ের সঙ্গে উজ্জ্বলের প্রেমেরে সম্পর্ক ছিল। সম্প্রতি বিষয়টি ওই মেয়ের বাবা ও ভাইয়েরা জানতে পেরে ওই যুবককে হত্যার হুমকি দেয় বলে উজ্জ্বলের পরিবার জানিয়েছে।
এ কারণে উজ্জ্বল প্রায় দুই সপ্তাহ ধরে বাড়ি থেকে বের হননি।
বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করেও মেয়েপক্ষের অসম্মতির কারণে কোনো লাভ হয়নি বলে সুপিয়ান জানান।
কবিরহাট উপজেলার সাদুল্যাপুর গ্রামে বুধবার দুর্বৃত্তের হামলায় কুয়েত প্রবাসী অলি উল্যাহ খোকন (৪০) নিহত হয়েছেন। এ সময় নারী ও শিশুসহ অন্তত ৯ জন আহত হন।
অলি উল্যাহ খোকন ধানসিঁড়ি ইউনিয়নের নলুয়া গ্রামের আহসান উল্যাহর ছেলে।
কবিরহাট থানার ওসি এস এম মাহবুবুর রহমান স্থানীয়দের বরাত দিয়ে জানান, নরোত্তমপুর ইউনিয়নের সাদুল্যাপুর গ্রামের আবদুল খায়েরের সঙ্গে একই এলাকার হাকিম আলীর জমি নিয়ে বিরোধ চলছিল।
বুধবার দুপুরে হাকিম আলীর ছেলে মজিবুর রহমান বাড়ির পুকুর পাড়ের বাঁশ কাটতে গেলে আবুল খায়েরের সঙ্গে কথা কাটাকাটি হয়।
এর জেরে বিকালে হাকিম আলী ও তার ছেলে মুজিবর রহমানের নেতৃত্বে একদল সন্ত্রাসী খায়েরর বাড়িতে হামলা চালায়।
এ সময় সন্ত্রাসীরা কুপিয়ে ও পিটিয়ে পরিবারের ১০ জনকে আহত করে। এ সময় শশুর বাড়িতে বেড়াতে আসা কুয়েত প্রবাসী অলি উল্যাহ খোকনও গুরুতর আহত হন।
তাকে প্রথমে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে রাতে তার মৃত্যু হয়।
আগামী ১৬ অক্টোবর খোকনের কুয়েত যাওয়ার কথা ছিল।
ওসি মাহবুবুর রহমান জানান, বৃহস্পতিবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
এ ঘটনায় হাকিম আলী, তার স্ত্রী মানোজা খাতুন ও মেয়ে জামাই হানিফকে আটক করেছে বলে জানান ওসি।
উপজেলা নির্বাচনের বিরোধের জেরে বুধবার রাতে বরগুনা জেলা প্রশাসনের স্পিডবোট চালক আবদুল জব্বার খানকে কুপিয়ে হত্যা করেচে প্রতিপক্ষের লোকজন।
এ ঘটনায় রাতেই মিয়াত নামে একজনকে পুলিশ গ্রেপ্তার করেছে।
বামনা থানার উপ-পরিদর্শক ইসলাম জানান, বিগত বামনা উপজেলা নির্বাচনের সময় বর্তমান উপজেলা চেয়ারম্যান সাইতুল ইসলাম লিটু মৃধা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মুর্তাজা আহসান মামুন সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছিল।
নিহত আবদুল জব্বার খানের ছেলে নেসার উদ্দিন খান সাবেক উপজেলা চেয়ারম্যান মুর্তাজা আহসান মামুনের সমর্থক ছিলেন।
বুধবার রাত ৯টার দিকে আবদুল জব্বার খান ও তার ছেলে নেসার উদ্দিন খান হেঁটে পশ্চিম সফিপুর বাসায় যাচ্ছিলেন।
ফায়জুন নেছা মহিলা কলেজের কাছাকাছি পৌঁছলে একদল সন্ত্রাসী মোটরসাইকেলে এসে বাবা ও ছেলেকে আক্রমণ করে। এ সময় ছেলে দৌড়ে পালাতে পারলেও তার বাবাকে এলোপাথাড়ি কুপিয়ে সন্ত্রাসীরা চলে যায়।
বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় রাতেই নেসার উদ্দিন খান বাদী হয়ে বামনা উপজেলা যুবলীগের সভাপতি ফিরোজ আলম মহারাজ সিকদার, তার ছোট ভাই কামরুল হাসান আজিম সিকদার, মিয়াত ও বামনা ডিগ্রি কলেজ ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মাসুম বিল্লাহসহ অজ্ঞাত পরিচয় আরো ২/৩ জনকে আসামি করে মামলা করেছেন।
