২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে জাল নোটসহ ২ বাংলাদেশি গ্রেপ্তার

ভারতের পশ্চিমবঙ্গে জাল নোটসহ দুই বাংলাদেশি নাগরিক গ্রেপ্তার হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

কলকাতা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2014, 10:40 AM

Updated : 22 Aug 2022, 07:17 PM

মঙ্গলবার উত্তর ২৪-পরগনার হাসনাবাদ বাসস্ট্যান্ড থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।

এরা হলেন- সাদ্দাম হোসেন সরকার ও ফারুক হোসেন সরদার। তাদের বয়স ৩০ থেকে ৩২ বছরের মধ্যে।

তাদের সঙ্গে বাংলাদেশের জামায়াতে ইসলামীর সংশ্লিষ্টতা রয়েছে-এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দুজনকে ধরা হয় বলে কর্মকর্তারা জানান।

তাদের বিরুদ্ধে অনুপ্রবেশের অভিযোগ আনা হয়েছে।

বুধবার বিকালে বশিরহাট আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য তাদের দুই দিনের হেফাজতে নিয়েছে পুলিশ।

পুলিশ কর্মকর্তারা বলছেন, জিজ্ঞাসাবাদে তারা জানতে পেরেছেন- সাদ্দাম ও ফারুক বাংলাদেশের সাতক্ষীরা জেলার দেবহাটার বাসিন্দা। তিন থেকে চার দিন আগে বশিরহাটের নিকটবর্তী গোজাডাঙ্গা সীমান্ত দিয়ে তারা ভারতে ঢোকেন।

উত্তর ২৪-পরগনার অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর মুখার্জি জানান, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হাসনাবাদ থানার একদল পুলিশ বাসে তল্লাশি চালিয়ে তাদের গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে ৬০ হাজার রুপির জাল নোট উদ্ধার করা হয়।

গ্রেপ্তারের পর দুজনকে হাসনাবাদ থানায় নেওয়া হয় এবং ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা তাদের জিজ্ঞাসাবাদ করেন।

“জামায়াতে ইসলামীর সঙ্গে তাদের সংশ্লিষ্টতা আছে কি না তা আমরা খতিয়ে দেখছি,” বলেছেন এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা।

দুজনকে আরো জিজ্ঞাসাবাদ করা হবে এবং সন্দেহভাজন অনুপ্রবেশকারীদের ধরতে সীমান্ত এলাকায় চিরুনি অভিযান চালানো হবে বলে ভাস্কর মুখার্জি জানিয়েছেন।

তিনি বলেন, সীমান্তবর্তী থানাগুলোকে একটি নির্দেশনা দেয়া হয়েছে যাতে স্থানীয়দের সতর্ক করা হয় যেন এলাকায় কোনো অপরিচিত ব্যক্তিকে দেখলে পুলিশে খবর দেয়।