চট্টগ্রামে বহুতল ভবনে আগুনে লাখ টাকার ক্ষতি
চট্টগ্রাম নগরীর টেরীবাজার এলাকায় একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডে প্রায় এক লাখ টাকার মালামাল পুড়ে গেছে। তবে এতে কেউ হতাহত হয়নি।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক জসিম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভবনটির চারতলায় দিলিপ চক্রবর্তীর বাসায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগে।
আগুনের ধোঁয়ায় গৃহকর্তা বাসার মধ্যে আটকা পড়েছিলেন জানিয়ে তিনি বলেন, ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে। প্রায় পৌনে এক ঘণ্টার চেষ্টায় রাত ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে তারা।
আগুনে দিলিপের বাসার প্রায় এক লাখ টাকার মালামাল পুড়ে গেছে।
