২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে গরু ব্যবসায়ীর ২০ লাখ টাকা ‘ছিনতাই’

সাভারের আমিনবাজারে এক গরু ব্যবসায়ীর ২০ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2014, 04:30 PM

Updated : 22 Aug 2022, 07:16 PM

বুধবার সকাল পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন গরু ব্যবসায়ী জেন্টু ব্যাপারী।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কোরবানির ঈদে গাবতলী হাটে গরু বিক্রির পর সব টাকা বাসায় রেখেছিলেন।

“ঈদের পর বুধবার ব্যাংক খুললে সকালে চাচা হেফাজ উদ্দিনকে ২০ লাখ টাকা দিয়ে ইসলামী ব্যাংক আমিনবাজার শাখায় পাঠাই। পথে আমিনবাজার ব্রিজের ঢালে টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে।”

হেফাজ উদ্দিনকে পরে হাত-পা ও চোখ বাঁধা অবস্থায় পথচারীরা সাভারের উলাইল এলাকা থেকে উদ্ধার করে বলে জানান জেন্টু।

হেফাজ উদ্দিন জানান, আমিনবাজার বেড়িবাঁধ থেকে একটি বাসে উঠেছিলেন তিনি।

“বাসটি ব্রিজের ঢালে পৌঁছলে একটি মোটরসাইকেল প্রথমে এর গতিরোধ করে। পরে একটি সাদা মাইক্রোবাস থেকে দুই যুবক নেমে বাসে উঠে আমাকে জোর করে নামিয়ে নেয়। বাসের যাত্রী ও চালকের কাছে সাহায্য চাইলে তারা উল্টো গাড়ি থেকে নামিয়ে দেয়।”

তিনি বলেন, “মাইক্রোবাসে তোলার পর আমার হাত-পা ও চোখ বেঁধে কোমরে থাকা ২০ লাখ টাকা ও মোবাইল ফোন নিয়ে উলাইল স্ট্যান্ডে ফেলে রেখে যায়।”

এ ঘটনায় জেন্টু ব্যাপারী দুপুরে সাভার মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

আমিন বাজার পুলিশ ফাঁড়ির কাছেই এ ঘটনা ঘটলেও ফাঁড়ির ইনর্চাজ এসআই ফরিদ উদ্দিন মিয়া কিছুই জানেন না বলে জানান।

ঘটনার সময় ওই সড়কে টহলে থাকা সাভার মডেল থানার এসআই মো. আসাদুজ্জামান জানিয়েছেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।