নাটোরে ধানক্ষেতে গৃহবধূর লাশ
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় ধানক্ষেত থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।
বড়াইগ্রাম থানার ওসি মনিরুল ইসলাম জানান, বুধবার সকালে উপজেলার পার বাগডোব গ্রামের ধানক্ষেত থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
ওসি জানান, মাঠে কাজ করতে গিয়ে ধানক্ষেতে লাশ দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়।
এ ঘটনায় নিহতের স্বামী মুনতাজ আলী (৫২), সতীনের ছেলে মুসা আলী (২২) ও বাবুল আলীকে (১৮) আটক করেছে পুলিশ।
নিহতের শরীরে কোথাও আঘাতের চিহ্ন নেই জানিয়ে তিনি বলেন, “ধারণা করা হচ্ছে তাকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”
মুনতাজ আলী পুলিশের কাছে দাবি করেছেন, মঙ্গলবার রাত থেকেই তার দ্বিতীয় স্ত্রীকে পাওয়া যাচ্ছিল না।
