২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উৎসাহ-উদ্দীপনায় চলছে ঈদ উদযাপন

ত্যাগের আহ্বান নিয়ে সোমবার সারা দেশে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা, যে উৎসবে পশু কোরবানির মধ্য দিয়ে নিজের ভেতরের কলুষতাকে বলি দেওয়া ইসলামের শিক্ষা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2014, 09:03 AM

Updated : 13 Oct 2022, 12:39 PM

পুরনো খবর:

ত্যাগের আহ্বান নিয়ে খুশির ঈদ
গণভবনে ঈদ শুভেচ্ছা বিনিময়ে প্রধানমন্ত্রী
ঈদে খালেদার শুভেচ্ছা বিনিময় বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে
নিজামী-সাঈদীদের ঈদ কাশিমপুরে
চামড়ার গাড়ি চলাচলে পুলিশের দিক নির্দেশনা
ছুটিতে অন্য ঢাকা
সারা দেশে ঈদ জামাত

মুসলমানদের অন্যতম বৃহৎ এই ধর্মীয় উৎসব বাংলাদেশে পরিচিত কোরবানির ঈদ নামে। অবশ্য সৌদি আরবের সঙ্গে মিল রেখে শনিবারই ঈদ উদযাপন করেছেন দেশের শতাধিক গ্রামের মানুষ।

প্রতিবারের মতো এবারো দেশের বৃহত্তম ঈদ জামাত হয় কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ ময়দানে। আর রাজধানীতে ঈদের প্রধান জামাত হয় সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহ ময়দানে।

Image
ছবি: মুস্তাফিজ মামুন/ বিডিনিউজ টোয়েন্টিফোর

ছবি: মুস্তাফিজ মামুন/ বিডিনিউজ টোয়েন্টিফোর

মন্ত্রী পরিষদের সদস্য, সংসদ সদস্য ও বিচারপতিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জাতীয় ঈদগাহে নামাজ আদায় করেন।
Image
ছবি: মুস্তাফিজ মামুন/ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ছবি: মুস্তাফিজ মামুন/ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

এছাড়া বায়তুল মোকাররম জাতীয় মসজিদে সকাল ৭টা থেকে এক ঘণ্টা পরপর পাঁচটি ঈদ জামাত হয়।

ঈদের নামাজের পরপরই বিভিন্ন স্থানে শুরু হয়েছে পশু কোরবানি। এবার রাজধানীতে গরুর সরবরাহ ভাল থাকায় দাম ছিল অনেকটা গতবারের মতোই। দেশের বিভিন্ন স্থান থেকে গরু নিয়ে রাজধানীর হাটে আসা ব্যবসায়ীদের অনেকেই কাঙ্ক্ষিত লাভ না পাওয়ার কথা বলেছেন।

কোরবানির পর ঢাকাকে পরিচ্ছন্ন রাখতে প্রায় ১৩ হাজার কর্মীর পাশাপাশি বর্জ্যের দুর্গন্ধ দূর করতে এ বছর বিশেষ ধরনের পলিব্যাগ বিতরণের পরিকল্পনা করেছে ঢাকার দুই সিটি কর্পোরেশন। এর মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন দুর্গন্ধ দূর করতে ব্যাকটেরিয়া দিয়ে তৈরি বিশেষ স্প্রে ব্যবহার করার উদ্যোগ নিয়েছে।

ঈদের দিন থেকে পরের ৪৮ ঘণ্টা জুড়ে এই পরিচ্ছন্নতার কাজ চলবে বলে জানিয়েছেন ঢাকা সিটি কর্পোরেশন উত্তর ও দক্ষিণের দুই প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা।

তারা জবাই করা পশুর রক্ত ও অপ্রয়োজনীয় অংশ নর্দমা কিংবা যেখানে সেখানে না ফেলে ডাস্টবিনে ফেলতে এবং দ্রুত বর্জ্য অপসারণের জন্য প্রয়োজনে সিটি কর্পোরেশনকে খবর দিতে অনুরোধ করেছেন।

ঈদুল আজহা উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।

রাষ্ট্রপতি তার বাণীতে বলেন,  “ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদুল আজহা মহান আল্লাহর প্রতি অপরিসীম আনুগত্য ও ভালবাসার এক অনুপম নিদর্শন। পরমতসহিষ্ণুতা, সাম্প্রদায়িক সম্প্রীতি, শান্তিপূর্ণ সহাবস্থানসহ মানবাধিকার সমুন্নত রাখার মাধ্যমে শান্তি-সম্প্রীতিময় বিশ্বসমাজ গঠন করা সম্ভব।”

ত্যাগের মহান আদর্শ ও শিক্ষাকে চিন্তা ও কর্মে প্রতিফলিত করার পরামর্শ দিয়ে রাষ্ট্রপতি বলেন, “পবিত্র ঈদুল আজহা মুসলিম জাতির ঐক্য, সংহতি ও ভ্রাতৃত্ববোধকে আরো সুসংহত করবে বলে আমার বিশ্বাস।”

প্রধানমন্ত্রী তার বাণীতে বলেন, “মহান আল্লাহর উদ্দেশ্যে প্রিয়বস্তুকে উৎসর্গের মাধ্যমে তার সন্তুষ্টি লাভের যে অনুপম দৃষ্টান্ত হযরত ইব্রাহীম (আ.) স্থাপন করে গেছেন, তা বিশ্ববাসীর কাছে চিরকাল অনুকরণীয় ও অনুসরণীয় হয়ে থাকবে।”

Image
ছবি: মুস্তাফিজ মামুন/ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ছবি: মুস্তাফিজ মামুন/ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সবাইকে ঈদুল আজহার মর্মবাণী অন্তরে ধারণ করে নিজ নিজ অবস্থান থেকে জনকল্যাণমুখী কর্মকাণ্ডে অংশ নিয়ে বিভেদ ও বৈষম্যহীন সুখী, সমৃদ্ধ ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান শেখ হাসিনা।

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াও এক বার্তায় দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।  

সকাল সাড়ে ৯টায় গণভবনে দলীয় নেতা-কর্মী, পেশাজীবী, গণ্যমান্য ব্যক্তি, কূটনীতিক, বিচারক ও সর্বস্তরের জনগণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আর খালেদা জিয়া বেলা ১১টায় ঈদের শুভেচ্ছা বিনিময় করেন বঙ্গবন্ধু আর্ন্তজাতিক সম্মেলন কেন্দ্রে।

ঢাকার পুলিশ কমিশনার বেনজির আহমেদ জানিয়েছেন, ঈদুল আজহা উপলক্ষে জাতীয় ঈদগাহ ময়দানসহ রাজধানীজুড়ে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছেন তারা।

ঈদ উপলক্ষে রাজধানীর বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ স্থাপনা সাজানো হয়েছে মনোরম সাজে। রাতে থাকছে আলোকসজ্জার ব্যবস্থা।

ঈদের দিন দেশের বিভিন্ন হাসপাতাল, কারাগার, সরকারি শিশু সদন, ছোটমনি নিবাস, সামাজিক প্রতিবন্ধী কেন্দ্র, আশ্রয়কেন্দ্র, ভবঘুরে কল্যাণ কেন্দ্র ও দুস্থ কল্যাণ কেন্দ্রগুলোতে বিশেষ খাবার পরিবেশন করা হচ্ছে।

ঈদ উপলক্ষ সরকারি-বেসরকারি টেলিভিশন চ্যালেনগুলো কয়েকদিন ধরে প্রচার করছে বিশেষ অনুষ্ঠান। সংবাদপত্রগুলোও এ উপলক্ষে বিশেষ সংখ্যা প্রকাশ করেছে।