২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিজামী-সাঈদীদের ঈদ কাশিমপুরে

যুদ্ধাপরাধে দণ্ডিত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদী ও কামারুজ্জামানসহ দলটির বেশ কয়েকজন শীর্ষস্থানীয় নেতার এবারের ঈদ কাটছে কাশিমপুর কারাগারে।

আবুল হোসেন

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2014, 08:45 PM

Updated : 22 Aug 2022, 07:15 PM

এছাড়া আরো অনেকের মধ্যে রয়েছেন বিএনপির জ্যেষ্ঠ কয়েকজন নেতা।

গাজীপুরের কাশিমপুর ঢাকা কেন্দ্রীয় কারাগার পার্ট-১-এর জেলার আমজাদ হোসেন ডন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ কারাগারে ৯৯০ জন বন্দির মধ্যে বিএনপি নেতা খন্দকার মো. মোশারফ হোসেনসহ চারজন ডিভিশনপ্রাপ্ত, ৮০ জন ফাঁসির দন্ডপ্রাপ্ত এবং যুদ্ধাপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত দেলাওয়ার হোসাইন সাঈদী এ কারাগারে রয়েছেন।

এ কারাগারে এবার ঈদের তিনটি জামাত অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।

Image
File Photo

File Photo

কাশিমপুরের ঢাকা কেন্দ্রীয় কারাগার পার্ট-২-এর সুপার মো. জাহাঙ্গীর কবির জানান, তার কারাগারে এক হাজার ৯৫০ জন বন্দি রয়েছেন। তাদের মধ্যে আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান, কর্নেল এহসান, মেজর মুকিত, জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম ও মীর কাশিম আলী হলেন ডিভিশনপ্রাপ্ত এবং যুদ্ধাপরাধী জামায়াত নেতা কামারুজ্জামানসহ ১০০ জন মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দি রয়েছেন।

এ কারাগারেও ঈদের তিনটি জামাত অনুষ্ঠিত হবে বলে জাহাঙ্গীর কবির জানান।

কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারের সুপার মিজানুর রহমান জানান, এই কারাগারে দেড় হাজারের মতো বন্দি রয়েছেন। তাদের মধ্যে মেজর জাকির হোসেন, ব্যারিস্টার মো. ফখরুল ও ভারতের উলফা (ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসাম) নেতা অনুপ চেটিয়াসহ চারজন ডিভিশনপ্রাপ্ত বন্দি রয়েছেন।

এছাড়া ফাঁসির দণ্ডপ্রাপ্তদের মধ্যে রয়েছেন দশ ট্রাক মামলায় দণ্ডিত জামায়াত নেতা মতিউর রহমান নিজামীসহ ৫৭০ জন। এ কারাগারে ঈদের দুইটি জামাত অনুষ্ঠিত হবে বলে তিনি জানান।  

কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারের দায়িত্বপ্রাপ্ত এক কর্মকর্তা জানান, ওই কারাগারে আড়াইশর মতো বন্দি রয়েছেন। তাদের মধ্যে আট জন হলেন ফাঁসির দণ্ডপ্রাপ্ত।  

ঈদ উপলক্ষে প্রতি কারাগারেই বিশেষ খাবার ও বন্দিদের অংশগ্রহণে সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।