সারা দেশে ঈদ জামাত
সারা দেশে ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় পালিত হচ্ছে ঈদ উল আজহা।
রাজধানীতে সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। মন্ত্রিসভার সদস্য, বিচারপতি, কূটনীতিক ও রাজনীতিকসহ সর্বস্তরের নাগরিকরা ঈদের প্রধান জামাতে অংশ নেন।
সকাল ৭টায় বায়তুল মোকাররমে প্রথম ঈদ জামাত অনুষ্ঠিত হয়। এরপর দ্বিতীয় ও তৃতীয় জামাত হয় সকাল ৮টা ও ৯টায়। সকাল ১০টা ও ১১টায় হবে শেষ দুটি জামাত।
এছাড়া রাজধানীর ও এর পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন ঈদগাহ মাঠ ও মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।
রাজধানীর বাইরে বিভিন্ন বিভাগীয় শহর ও বড় ঈদ জামাত নিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধিদের পাঠানো খবর-
চট্টগ্রাম
(ফাইল ছবি)
এর মধ্যে চট্টগ্রাম কেন্দ্রীয় ঈদ জামাত কমিটির ব্যবস্থাপনায় আউটার স্টেডিয়ামে সকাল সাড়ে ৮টায় এবং সিটি করপোরেশনের উদ্যোগে জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গনে সকাল পৌনে ৮টায় প্রধান দুটি জামাত অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম সিটি করপোরেশনের আয়োজনে বাকলিয়া সিটি করপোরেশন স্টেডিয়ামে সকাল ৮টায়, লালদীঘি জামে মসজিদে সকাল ৮টায় এবং জালালাবাদ আরেফিন নগরে সকাল সোয়া ৮টায় ঈদের নামাজ অনুষ্ঠিত হয়।
এছাড়া পাড়া মহল্লার ঈদগাহ ও মসজিদগুলোতেও ঈদ জামাত অনুষ্ঠিত হচ্ছে।
চট্টগ্রাম সিটি করপোরেশনের (সিসিসি) জনসংযোগ কর্মকর্তা আবদুর রহিম জানান, প্রধান প্রধান ঈদ জামাতের পাশাপাশি নগরীর ৪১টি ওয়ার্ডের ৪১টি জামাতের ব্যবস্থাপনায় রয়েছে সিসিসি।
সিলেট
সিলেটে নগরীর শাহী ঈদগাহে সকাল সাড়ে ৮টায় ঈদ উল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়।
এতে ইমামতি করেন বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা আবদুল করিম বিন মোশাহিদ।
এছাড়া সিলেট সরকারি আলীয়া মাদরাসা মাঠে সকাল সাড়ে ৭টায়, সকাল ৮টায় দরগাহে হযরত শাহজালাল (র.) জামে মসজিদে ঈদ জামাত অনুষ্ঠিত হয়।
জামেয়া মাদানিয়া ইসলামিয়া কাজির বাজার মাদ্রাসা মাঠে জামাত হয় সকাল সাড়ে ৭ টায়।
টিলাগড় শাহ মাদানী ঈদগাহ ময়দানে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয় সকাল সোয়া ৮টায়।
গৌছুল উলুম জামেয়া ইসলামীয়া পশ্চিম পীর মহল্লা মাদ্রাসা মাঠে সকাল পৌনে ৮টায়, পাঠানটুলা নবাবী ঈদগাহে সকাল ৮টায় ঈদ জামাত অনুষ্ঠিত হয়।
দক্ষিণ সুরমার সিলাম চকের বাজার শাহী ঈদগাহ ময়দানে প্রথম জামাত সকাল সাড়ে ৭টায় এবং দ্বিতীয় জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হয়।
এ ছাড়া নগরীর বিভিন্ন স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
খুলনা
খুলনায় ঈদের প্রধান জামাত হয় সকাল ৮টায় নগরীর সার্কিট হাউজ ময়দানে। নামাজে ইমামতি করেন টাউন জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ সালেহ।
দ্বিতীয় জামাত হয় সকাল ৯টায় টাউন জামে মসিজদে। একই স্থানে পরে তৃতীয় একটি জামাত হয়।
এছাড়া খুলনা বিশ্ববিদ্যালয় মসজিদ চত্বরে সকাল সাড়ে ৭টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
ময়লাপোতা মোড়স্থ ফারাজীপাড়া বায়তুল আমান জামে মসজিদে প্রথম জামাত অনুষ্ঠিত হয় সকাল ৭টা ৪৫ মিনিটে, দ্বিতীয় জামাত হয় সকাল ৮টা ৪৫ মিনিটে।
এছাড়া সকাল ৮টায় সরকারি বিএল কলেজ প্রাঙ্গণ, হাজী আ. মালেক দারুস সালাম ঈদগাহ ও বয়রা বায়তুল মামুর জামে মসজিদে ঈদ জামাত অনুষ্ঠিত হয়।
সকাল সাড়ে ৮টায় নগরীর কেডিএ আন্তঃজেলা বাস টার্মিনাল জামে মসজিদ, খানজাহান আলী থানার ঈদগাহ ময়দান শিরোমনি ও মহেশ্বরপাশা সড়ারডাঙ্গা মাঠে জামাত হয়।
কয়রা বায়তুল হামদ জামে মসজিদে ঈদের জামাত হয় সকাল ৯টায়।
এছাড়া সিটি কর্পোরেশনের ৩১টি ওয়ার্ডের বিভিন্ন মসজিদে আলাদাভাবে ঈদ জামাত হয়।
রাজশাহী
রাজশাহী মহানগরীতে ঈদের প্রধান জামাত হয় হযরত শাহ্ মখদুম (র.) কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সকাল ৮টায়। এখানে ইমামতি করেন দরগাহ্ মসজিদের ইমাম মাওলানা মোস্তাফিজুর রহমান।
এ বিভাগে ঈদের দ্বিতীয় বৃহত্তম জামাত হয় সকাল সোয়া ৮টায় সাহেব বাজার বড় রাস্তায়।
এছাড়া সকাল ৯টায় মহানগরীর টিকাপাড়া ঈদগাহ, সুলতানাবাদ মসজিদ কমপেক্স ঈদগাহ, হাতেম খাঁ বড় জামে মসজিদ, নওদাপাড়া ঈদগাহ মাঠ, নওদাপাড়া কেন্দ্রীয় ট্রাক টার্মিনাল ময়দান ও রাজশাহী রেল স্টেশন চত্বরে ঈদের জামাত হয়।
সকাল সাড়ে ৯টায় রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ, পুলিশ লাইন ঈদগাহ মাঠ, শিরোইল ঈদগাহ, পোস্টাল একাডেমি ঈদগাহ, আহলে হাদীস কেন্দ্রীয় ঈদগাহ ও মহিশবাথান গোরস্থান মাঠে ঈদের নামাজ আদায় হয়।
বরিশাল
বরিশালে ঈদ উল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয় সকাল সাড়ে ৮টায় হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে।
এখানে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র আহসান হাবিব কামাল, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ ঈদের নামাজ আদায় করেন।
তবে বিভাগের সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয় সকাল ৯টায় চরমোনাই দরবার শরীফ ময়দানে। প্রায় ২০ হাজার মুসল্লির অংশগ্রহণে ঈদের জামাতে ইমামতি করেন চরমোনাই পীর মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মাদ রেজাউল করিম।
এছাড়া বরিশাল নগরীর একাধিক স্থানে ২টি করে জামাত অনুষ্ঠিত হয়।
এর মধ্যে জামে কশাই মসজিদে প্রথম জামাত সকাল ৮টায় ও দ্বিতীয় জামাত সকাল সাড়ে ৯টায়, এবাদুল্লাহ জামে মসজিদে প্রথম জামাত সকাল ৮টায় ও দ্বিতীয় জামাত সকাল সাড়ে ৯টায়, বায়তুল মোকাররম জামে মসজিদে সকাল ৮টায় প্রথম জামাত ও ৯টায় দ্বিতীয় জামাত এবং পুলিশ লাইন্স জামে মসজিদে প্রথম জামাত সকাল ৮টায় ও দ্বিতীয় জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত হয়।
বিভাগের বড় জামাতের মধ্যে পিরোজপুরের নেছারাবাদ ছারছিনা দরবার শরীফ মাঠে সকাল সাড়ে ৮টায়, পটুয়াখালীর মীর্জাগঞ্জ হযরত ইয়ারউদ্দিন খলিফা (রা.) দরবার শরীফে সকাল ৮টায়, কায়েদসাহেব হুজুর প্রতিষ্ঠিত ঝালকাঠীর কামিল মাদ্রাসা কমপ্লেক্সে সকাল ৮টায়, উজিরপুরের গুঠিয়ার বায়তুল আমান মসজিদ কমপ্লেক্সে সকাল সাড়ে ৮টায়, নগরীর গোরস্থান রোড আঞ্জুমান-ই হেমায়েত-ই ইসলাম মাঠে সকাল ৮টায় এবং বিএম কলেজ জামে মসজিদে সকাল ৮টায় ঈদের নামাজ অনুষ্ঠিত হয়।
রংপুর
রংপুরে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় সকাল ৯টায় কালেক্টরেট ঈদগাহ মাঠে।
কালেক্টরেট ঈদগাহ মাঠে প্রধান জামাতের পাশাপাশি কোর্ট জামে মসজিদে সকাল সোয়া ৯টায় প্রথম ও সাড়ে ৯টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়।
জেলার অন্যান্য স্থানে ঈদের জামাত সকাল ১০টার মধ্যে শেষ করার সিদ্ধান্ত হয়েছে। তবে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকলে মসজিদে মসজিদে ঈদের নামাজ আদায় করা হবে বলে জানান জেলা প্রশাসক।
এছাড়া সকাল সাড়ে ৯টা থেকে ১০টা পর্যন্ত নগরীর কারামতিয়া জামে মসজিদ মাঠ, জিলা স্কুল মাঠ, পুলিশ লাইন ঈদগাহ মাঠ, মুন্সীপাড়া কবরস্থান ঈদগাহ মাঠ, জুম্মাপাড়া নুরুল উলুম হাফিজিয়া মাদ্রাসা মাঠ, কামাল কাছনা জামে মসজিদ মাঠ, রংপুর কারমাইকেল কলেজ মাঠ, মেডিকেল কলেজ মাঠ, বাস টার্মিনাল মসজিদ মাঠ, মাহিগঞ্জ শাহী মসজিদ ঈদগাহ মাঠসহ শতাধিক স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
