২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চামড়ার গাড়ি চলাচলে পুলিশের দিক নির্দেশনা

রাজধানীতে কোরবানীর পশুর চামড়া বহনকারী যানবাহন চলাচলের জন্য পথ ঠিক করে দিয়েছে ঢাকা মহানগর পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2014, 07:51 PM

Updated : 22 Aug 2022, 07:15 PM

সোমবার ঈদের দিন বেলা ১২টা থেকে ৯ অক্টোবর সন্ধ্যা ৬টা পর্যন্ত চামড়া বহনকারী গাড়ি এসব নির্দিষ্ট পথ ব্যবহার করে হাজারীবাগ ও লালবাগ এলাকার ট্যানারিগুলোতে যাবে।

মহানগর পুলিশের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের উত্তর ও দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে আসা পশুর চামড়াবাহী যানবাহন গাবতলী থেকে বেড়িবাঁধ হয়ে নবাবগঞ্জ পুলিশ ফাঁড়ির সামনে দিয়ে নবাবগঞ্জ রোড হয়ে বটতলা ক্রসিং দিয়ে শেরেবাংলা রোড ধরে ট্যানারি শিল্প এলাকায় প্রবেশ করবে।

Image
দেশের বিভিন্ন স্থান থেকে চামড়া বোঝাই ট্রাক এসে জড়ো হয়েছে পুরনো ঢাকার পোস্তা এলাকায়। ছবিটি বৃহস্পতিবার তোলা। ছবি: মুস্তাফিজ মামুন/ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ ঢাকা, নভেম্বর ১৮, ২০১০

দেশের বিভিন্ন স্থান থেকে চামড়া বোঝাই ট্রাক এসে জড়ো হয়েছে পুরনো ঢাকার পোস্তা এলাকায়। ছবিটি বৃহস্পতিবার তোলা। ছবি: মুস্তাফিজ মামুন/ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ ঢাকা, নভেম্বর ১৮, ২০১০

আর চট্টগ্রাম ও সিলেট জেলা থেকে আসা যানবাহন পলাশী ক্রসিং ও আজিমপুর ক্রসিং দিয়ে বিজিবি সিনেমা হলের পাশ দিয়ে পিলখানা রোড ধরে চামড়া শিল্প এলাকায় যাবে।

অন্যান্য ক্ষেত্রে জিগাতলা ক্রসিং দিয়ে জিগাতলা কাঁচাবাজার হয়ে হাজারীবাগ ট্যানারি শিল্প এলাকায় প্রবেশ করবে চামড়ার গাড়ি। পোস্তা এলাকার পশুর চামড়ার যানবাহন ঢাকেশ্বরী রোড দিয়ে লালবাগ চৌরাস্তা হয়ে শায়েস্তা খান রোড ধরে প্রবেশ করবে।

এসব যানবাহন ট্যানারি শিল্প এলাকায় চামড়া নামিয়ে দিয়ে কালুনগর রোড অথবা রায়েরবাজার টালি অফিস সংলগ্ন রাস্তা দিয়ে বেড়িবাঁধ হয়ে গন্তব্যে ফিরে যাবে।

পোস্তা এলাকার চামড়া মার্কেট থেকে ফিরতি পথের যানবাহন ওয়াটার ওয়ার্কস রোড ধরে চকবাজার ক্রসিং ও জেলখানার পাশ দিয়ে নাজিমউদ্দিন রোড হয়ে চাঁনখারপুল ক্রসিং দিয়ে এবং ওয়াটার ওয়ার্কস রোড থেকে আলীর ঘাট ইসলামবাগ দিয়ে বেরিয়ে যাবে পুলিশের নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।