২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুরুলিয়া বিতর্কে এস্কান্দার, আলতাফ

পশ্চিমবঙ্গের পুরুলিয়ায় ১৯ বছর আগে যে বিমানটি বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ ফেলে আলোড়ন তুলেছিল, সেটি একাধিকবার বাংলাদেশে নামার চেষ্টা করেছিল বলে দাবি করা হয়েছে ভারতের বিখ্যাত অনুসন্ধানী প্রতিবেদক চন্দন নন্দীর লেখা সাম্প্রতিক এক বইয়ে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ভারত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2014, 07:39 PM

Updated : 13 Oct 2022, 12:39 PM

‘রূপা’ থেকে প্রকাশিত ‘দ্য নাইট ইট রেইনড গানস’ নামের এই বইয়ে তিনি লিখেছেন, আন্তোনভ-২৬ উড়োজাহাজটি অস্ত্রের চালান নিয়ে বুলগেরিয়ার বারগাস থেকে যাত্রা শুরু করে।

এরপর ইরানের ইস্পাহান, পাকিস্তানের করাচি ও ভারতের বারানসী হয়ে বিমানটি উড়ে আসে বাংলাদেশে দিকে, যাতে বাংলাদেশ সেনাবাহিনীর নামে অস্ত্রের চালান বহন করার ‘নথিপত্র’ ব্যবহার করা হয়।      

ইয়ান ক্রিস্টেন নেইলসেন ওরফে কিম ডেভি নামের এক ডেনিশ নাগরিক বুলগেরিয়া থেকে অস্ত্র পরিবহনের জন্য ওই বিমানটি ব্যবহার করছিলেন। আর এ কাজে তিনি ব্যবহার করেন একটি ‘ভুয়া এন্ড ইউজার সার্টিফিকেট’ যেটি বাংলাদেশ সেনাবাহিনীর নামে ইস্যু করা হয়েছিল।

চন্দন নন্দী লিখেছেন, কিম ডেভি সম্ভবত সিআইএর হয়ে কাজ করছিলেন এবং তার বিমানের ফ্লাইট প্ল্যানে গন্তব্য হিসাবে ঢাকা ও মিয়ানমারের ইয়াংগুনের কথা বলা হয়েছিল।

তবে শেষ পর্যন্ত ওই দুই বিমানবন্দরের কোথাও অবতরণের অনুমতি তিনি পাননি।

অস্ত্রের চালান আনার জন্য যে ‘এন্ড ইউজার সার্টিফিকেট’ (4021/1/AA/ARMY/ASL (P) 2) তিনি ব্যবহার করছিলেন, তাতে ১৯৯৫ সালের ৯ নভেম্বর তারিখে মেজর জেনারেল সুবিদ আলী ভূঁইয়ার সই ছিল।

নন্দী লিখেছেন, কিম ডেভির সঙ্গে ওই ঘটনায় জড়িত ছিলেন পিটার ব্লিচ নামের এক ব্রিটিশ অস্ত্র ব্যবসায়ী। তিনিই ঢাকার নজরুল ইসলাম এভিনিউয়ের রিভারল্যান্ড এজেন্সি নামের এক প্রতিষ্ঠানের মালিক সৈয়দ তসলিম হুসাইনের মাধ্যমে ওই ‘এন্ড ইউজার সার্টিফিকেট’ সংগ্রহ করেন।

“বলা হয়, তসলিম হুসাইন তার ব্যবসায় উন্নতি করেন বাংলাদেশের তখনকার প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পৃষ্ঠপোষকতায়, যার ভাই সাঈদ এস্কান্দার ছিলেন তসলিমের কোম্পানির ব্যবসায়িক অংশীদার।”      

বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক মেজর এবং খালেদা জিয়ার উপদেষ্টা সাঈদ এস্কান্দার ফুসফুসের ক্যান্সারে ভুগে ২০১২ সালের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে মারা যান। ২০০১ সালে ফেনী থেকে তিনি সাংসদও নির্বাচিত হয়েছিলেন।   

টাইমস অব ইন্ডিয়ার অন্যতম জ্যেষ্ঠ সম্পাদক চন্দন নন্দী তার বইয়ে বলেন, “বাংলাদেশ সেনাবাহিনীর সামরিক ক্রয় বিভাগের মহা পরিচালকের পক্ষে মেজর মো. জসীম উদ্দিনের সই করা একটি  গোপন চিঠিতে (২৫ নভেম্বর, ১৯৯৫)  মেসার্স বর্ডার টেকনোলজি অ্যান্ড ইনোভেশন লিমিটেডকে   214/719/19/Project/DGDP/Ord/P-4’29 ভুক্তির চুক্তি বাস্তবায়নে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে বলা হয়।”

এরপর ওই বছর ১৭ ডিসেম্বর রাতে পুরুলিয়া জেলার কয়েকটি গ্রামে আকাশ থেকে ফেলা হয় অস্ত্র ও গোলাবারুদের বাক্স, যার ওপর খোদাই করা ছিল- ‘কমান্ডেন্ট সিএডি রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট, বাংলাদেশ’।

এর মধ্যে একটি বাক্সের ওপর বড় হরফে লেখা ছিল ‘CASE NO. 34 OF 60, CONTRACT NO. 214/719/ PROJECT DGDP’।

বর্ডার টেকনোলজি অ্যান্ড ইনোভেশন লিমিটেড নামের ওই প্রতিষ্ঠানটি চালন পিটার ব্লিচের এক বন্ধু। বুলগেরিয়া থেকে নির্বিঘ্নে অস্ত্রের চালান আনতে ওই প্রতিষ্ঠানটির নাম ব্যবহার করা হয়।

নন্দী লিখেছেন, নেইলসেন ওরফে কিম ডেভি একাধিকবার ঢাকায় বিমান নামানোর অনুমতি চেয়েও ব্যর্থ হন।

“কিছু গড়বড় আছে অনুমান করে ডিজিএফআই এএন-২৬ বিমানটিকে নামার অনুমতি না দেয়ার পরামর্শ দেয়।”

বইটিতে বলা হয়েছে, “১৯৯৫ সালের ১৯ নভেম্বর নেইলসেনের ক্যারল এয়ার সার্ভিসেস বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কাছে এই বলে বিমান নামানোর অনুমতি চায় যে- তাদের ওই বিমানে এয়ার পারাবাত লিমিটেডের জন্য শাহীন এয়ারপোর্ট সার্ভিসেসের পাঠানো সাধারণ কার্গো রয়েছে।”  

আর ওই অনুমতি চাওয়ার ক্ষেত্রে তারা সেই সময় সদ্য অবসরে যাওয়া বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরীর নাম ব্যবহার করে।

১৯৯১ থেকে ১৯৯৫ পর্যন্ত বিমান বাহিনী প্রধানের দায়িত্ব পালন করা আলতাফ পরে খালেদা জিয়ার সরকারে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন। বিএনপি প্রধানের উপদেষ্টা পরিষদেও ছিলেন তিনি।

ক্যারল এয়ার সার্ভিসেসের অনুরোধের পর বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের তখনকার সহকারী পরিচালক মোহাম্মদ হাবিবুল্লাহ এয়ার পারাবাতকে একটি চিঠি লেখেন, যাতে বলা হয়, ‘বিমান অবতরণের আবেদনের বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া সম্ভব নয়’।  

পুরুলিয়ায় অস্ত্র ফেলার ওই ঘটনার পর পুরো ভারতে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। বিষয়টিকে সে সময় ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার বড় ধরনের লঙ্ঘন হিসাবে দেখা হয়।