২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পরকীয়ার জেরে ছেলেকে 'হত্যা করালেন' মা

এক যুবককে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তার মা সহ চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2014, 12:37 AM

Updated : 22 Aug 2022, 07:15 PM

গ্রেপ্তাররা হলেন, মরিয়ম বেগম (৪৫), মো. আজিজুল হক আজিজ (৫০), তাফাজ্জাল হোসেন (৬৫) ও মঞ্জুরুল ইসলাম (৫২)।

পুলিশ বলছে, 'পরকীয়া' প্রেমে বাধা হয়ে দাঁড়ানোর কারণেই নিজের ছেলে কামরুজ্জামানকে (২৮) প্রেমিক দিয়ে হত্যা করিয়েছেন মা মরিয়ম বেগম।

শুক্রবার মিন্টু রোডের গোয়েন্দা ‌কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে গোয়েন্দা পুলিশের যুগ্ম-কমিশনার মনিরুল ইসলাম বলেন, "গত ১২ অগাস্ট ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শুকুরশী নামক এলাকা থেকে কামরুজ্জামানে মৃতদেহ উদ্ধার করা হয়। নিহত কামরুজ্জামান নারায়ণগঞ্জের বালু মহাল এলাকায় পাথরের ব্যবসা করতেন। হত্যাকাণ্ডের পর নিহতের বাবা আশক আলী অজ্ঞাতনামা দুষ্কৃতকারীদের আসামি করে ডেমরা থানায় একটি মামলা করেন।

"মামলাটি গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করার পর তদন্তে মরিয়মের সঙ্গে আজিজুল নামক এক ব্যক্তির 'অবৈধ' সম্পর্ক রয়েছে বলে বেরিয়ে আসে। কামরুজ্জামান দুইমাস আগে মায়ের অনৈতিক সম্পর্ক জেনে ফেলার পর মরিয়মকে অনেক বকাঝকা করেন বলেও পুলিশ জানতে পারে।"

গোয়েন্দা কর্মকর্তা মনিরুল বলেন, "পুলিশ প্রথমে আজিজুলকে বৃহস্পতিবার রাতে খিলগাঁও এলাকা থেকে গ্রেপ্তার করে তাকে জিজ্ঞাসাবাদের পর কামরুজ্জামানকে হত্যার ঘটনা বেরিয়ে আসে।

 "জিজ্ঞাসাবাদে আজিজুল জানিয়েছে, মরিয়মের পরিকল্পনা অনুযায়ী সে, তাফাজ্জাল ও মঞ্জুরুল একটি মাইক্রোবাসে কামরুজ্জামানকে তুলে সিটবেল্ট দিয়ে শ্বাসরোধ করে হত্যার পর ওই স্থানে ফেলে যায়। তবে হত্যার আগে কামরুজ্জামানকে কফির সঙ্গে ঘুমের ওষুধ খাওয়ানো হয়।"

তাফাজ্জালকে রংপুরের কোতোয়ালী, মঞ্জুরুলকে রাজধানীর মহাখালী এবং মরিয়মকে ডেমরার নিজ বাসা থেকে বৃহস্পতিবার রাতেই গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি।

গোয়েন্দা পুলিশের যুগ্ম-কমিশনার মনিরুল বলেন, "মা'র পরকীয়ায় বাধা হয়ে দাঁড়ানোর কারণে ক্ষিপ্ত হয়েই ছেলেকে হত্যা করেছে বলে গ্রেপ্তাররা প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশকে জানিয়েছে।"

গ্রেপ্তাররা পুলিশকে জানিয়েছে, হত্যাকণ্ডের দিন রাত ৮টার দিকে মরিয়ম চিকিৎসক দেখাবেন বলে কামরুজ্জামানকে নিয়ে স্থানীয় খিদমা হাসপাতালে যান। চেম্বারের বাইরেই আজিজ ও অপর দুইজন মাইক্রোবাসে বসে সুযোগের অপেক্ষায় ছিলেন। 

এক পর্যায়ে মরিয়ামকে রেখে কামরুজ্জামান বাইরে আসলে আজিজ নিজেকে পাথর ব্যবসায়ী হিসেবে পরিচয় দিয়ে তার সঙ্গে আলাপ জমিয়ে মাইক্রোবাসের সিটে বসতে দেন। তারা ব্যবসায়িক কথা বলা শুরু করেন।

আলাপচারিতার মাঝখানে তাফাজ্জাল আর মঞ্জুরুল কফিতে ঘুমের ওষুধ মিশিয়ে কৌশলে কামরুজ্জামানকে  খাওনোর পর তিনি চেতনা হারান। তখন তাকে ম্বাসরোধ করে হত্যা করা হয়।

হত্যাকাণ্ডের পর তারা মরিয়মের কাছে থেকে চল্লিশ হাজার টাকা নিয়ে গা ঢাকা দেয়।

পুলিশ কর্মকর্তা মনিরুল জানান, মরিয়মের সঙ্গে অবৈধ সম্পর্ক রাখার জন্য আজিজ মাতুয়াইলের পাড়াডগাইর এলাকায় একটি ফ্ল্যাট ভাড়া নিয়েছিল।