লতিফ সিদ্দিকীর ফাঁসি চায় হেফাজত
হজ নিয়ে মন্তব্যের জন্য জনসম্মুখে আব্দুল লতিফ সিদ্দিকীর ফাঁসি দাবি করেছে হেফাজতে ইসলাম।
শুক্রবার দুপুরে চট্টগ্রামের আন্দরকিল্লা শাহী জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত সমাবেশে সরকারের কাছে এই দাবি জানান চট্টগ্রামভিত্তিক এই ইসলামী সংগঠনটির নেতারা।
সমাবেশে সংগঠনটির যুগ্ম মহাসচিব আল্লামা লোকমান হাকিম বলেন, “মুরতাদ লতিফ সিদ্দিকীকে মন্ত্রিসভা, সংসদ ও দল থেকে বহিষ্কার করলেই হবে না। প্রকাশ্যে জনসম্মুখে তার ফাঁসির ব্যবস্থা করতে হবে।
“সরকারের আশ্রয়-প্রশ্রয়ে এসব মুরতাদ ইসলামবিরোধী বক্তব্য দিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বিদেশ সফর করছে। সরকার যদি এসব মুরতাদদের বিচারে ব্যর্থ হয় তাহলে সরকারকে মসনদে থাকতে দেয়া হবে না।”
গত ২৭ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে এক অনুষ্ঠানে দেয়া লতিফ সিদ্দিকীর ওই বক্তব্য নিয়ে গত কয়েক দিন ধরেই আলোচনা-সমালোচনা চলছে।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রীর দায়িত্বে চালিয়ে আসা আওয়ামী লীগের এই জ্যেষ্ঠ নেতার বিরুদ্ধে বিভিন্ন জেলায় অন্তত দুই ডজন মামলা হয়েছে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার অভিযোগে।
বিএনপি এবং কয়েকটি ইসলামী সংগঠন ওই বক্তব্যের কারণে লতিফকে গ্রেপ্তারেরও দাবি জানিয়েছে।
শুক্রবার প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা গণভবনে এক সংবাদ সম্মেলনে লতিফ সিদ্দিকীকে মন্ত্রিসভা ও দল থেকে অব্যাহতি দেওয়ার বিষয়টি নিশ্চিত করে আনুষ্ঠানিক প্রক্রিয়া মেনে সিদ্ধান্ত বাস্তবায়নের কথা জানিয়েছেন।
ওইদিন নিউ ইয়র্কে প্রবাসীদের এক অনুষ্ঠানে দলের সভাপতিমণ্ডলীর সদস্য লতিফ বলেন, “আমি কিন্তু হজ আর তাবলিগ জামাতের ঘোরতর বিরোধী। আমি জামায়াতে ইসলামীরও বিরোধী।”
তার বক্তব্যের ভিডিও ক্লিপ বিভিন্ন সামাজিক যোগাযোগের ওয়েবসাইটে ছড়িয়ে পড়লে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।
ওই ভিডিওতে তাকে বলতে দেখা যায়, “এ হজে যে কত ম্যানপাওয়ার (জনশক্তি) নষ্ট হয়। এই হজের জন্য ২০ লাখ লোক আজ সৌদি আরবে গেছেন। এদের কোনো কাজ নাই। কোনো প্রডাকশন নাই, শুধু ডিডাকশন দিচ্ছে। শুধু খাচ্ছে আর দেশের টাকা বিদেশে দিয়ে আসছে।”
সমাবেশে ইসলাম অবমাননাকারীদের মৃত্যুদণ্ডের বিধান রেখে সংসদে আইন পাশেরও দাবি জানান হেফাজত নেতারা।
লোকমান হাকিমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন অন্যতম যুগ্ম মহাসচিব মঈনুদ্দিন রুহী, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী, অর্থ সম্পাদক কাতেব ইলিয়াছ ওসমানী, দক্ষিণ জেলা সভাপতি সরওয়ার কামাল আজিজী, আ ন ম আহমদ উল্লাহ ও ফজলুল করিম জিহাদী।
