২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অর্থ আত্মসাৎ: ২৬ বছর পর ৫ জনের যাবজ্জীবন

ছাব্বিশ বছর আগে প্রায় পাঁচ কোটি টাকা আত্মসাতের এক মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তাসহ পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে চট্টগ্রামের একটি আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2014, 07:18 PM

Updated : 22 Aug 2022, 07:14 PM

এছাড়া ওই ঘটনায় আরেক আসামিকেও সাজা দিয়েছেন চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক আতাউর রহমান।

বুধবার ঘোষিত রায়ে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন- অগ্রণী ব্যাংকের খাতুনগঞ্জ শাখার তৎকালীন কর্মকর্তা আবদুস শুক্কুর, সেকেন্ড অফিসার নির্মল মল্লিক, হিসাবরক্ষক মাঈন উদ্দিন চৌধুরী, লেজারকিপার তড়িৎ কান্তি সেন এবং ওই শাখার হিসাবধারী স্বপন কুমার ঘোষ।

তবে তারা সবাই পলাতক।  

আরেক দণ্ডপ্রাপ্ত জয়তি প্রকাশ বড়ুয়াও ওই ব্যাংকের সেকেন্ড অফিসার ছিলেন। রায় ঘোষণার সময় জয়তি আদালতে উপস্থিত ছিলেন।

আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) মাহমুদুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুর্নীতি দমন কমিশন আইনের ৪০৯, ৪২০, ৪৭১, ৪৭৭ (ক) ও ৫ (২) ধারায় আসামিদের সাজা দেওয়া হয়েছে।

“পাশাপাশি আত্মসাৎ করা টাকা সাজাপ্রাপ্তদের কাছ থেকে সমহারে আদায় করার আদেশও দেওয়া হয়েছে।”

পিপি মাহমুদুল জানান, রায়ে ৪০৯ ধারায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত প্রত্যেককে ৪২০ ধারায় সাত বছরের সশ্রম কারাদণ্ড, পাঁচ হাজার ‍টাকা জরিমানা এবং অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

এছাড়া ৪৭১ ধারায় দুই বছর কারাদণ্ড, ৪৭৭ (ক) ধারায় পাঁচ বছর সাজা এবং পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেন বিচারক।

জয়তি প্রকাশ বড়ুয়াকে ৪০৯ ধারায় দশ বছরের সশ্রম কারাদণ্ড ও দশ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ৪২০ ধারায় পাঁচ বছরের কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ছয় মাসের এবং অন্য দুটি ধারায় অন্য পাঁচ আসামির মতই সাজা দেওয়া হয় জয়তিকে, বলেন পিপি মাহমুদুল।

সব সাজা একসঙ্গে কার্যকর করা হবে বলে জানান তিনি।

রাষ্ট্রপক্ষের আরেক আইনজীবী মেজবাহ উদ্দিন চৌধুরী জানান, চার কোটি ৪৬ লাখ ৮৪ হাজার ৯৮৭ টাকা আত্মসাতের অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দেন।

মামলার এজাহারভুক্ত ব্যাংক হিসাবধারী হরিদাস ঘোষ ও ব্যাংক কর্মচারী শামসুল আলম চৌধুরী মামলা চলাকালে মারা গেছেন। আরেক ব্যাংক কর্মচারী শাহজানকে অভিযোগপত্র থেকে বাদ দেওয়া হয়।

আদালত সূত্র জানায়, ১৯৮৫ সালের ২৩ ডিসেম্বর থেকে ১৯৮৬ সালের ৮ জুলাইয়ের মধ্যে অগ্রণী ব্যাংকের খাতুনগঞ্জ শাখা থেকে দুটি হিসাবের মাধ্যমে ব্যাংক কর্মকর্তাদের যোগসাজশে এ অর্থ আত্মসাৎ করা হয়।

এ ঘটনায় ১৯৮৮ সালের ৮ জুন কোতোয়ালি থানায় নয়জনের বিরুদ্ধে মামলা করেন সেসময়ের দুর্নীতি দমন ব্যুরোর পরিদর্শক আবু মো. আরিফ সিদ্দিকী।

তদন্ত শেষে ছয়জনের বিরুদ্ধে ১৯৯৮ সালের ২৮ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র জমা দেন ব্যুরোর পরিদর্শক নুরুল হক।

আদালত ২০০২ সালের ২৫ জুন ছয় আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে। মামলায় সাক্ষী ছিলেন ১০ জন।