গাইবান্ধায় গণস্বাস্থ্য হাসপাতালে হামলা ভাংচুর
গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় গণস্বাস্থ্য হাসপাতালের এক কর্মীর ‘গুমের’ গুজবে হাসপাতালে হামলা চালিয়ে ভাংচুর করেছে স্থানীয় বাসিন্দারা।
বিক্ষুব্ধ এলাকাবাসী শনিবার কঞ্চিপাড়া ইউনিয়নের চন্দিয়ায় ওই হাসপাতালের দুই নারী চিকিৎসক ও ছয় স্বাস্থ্যকর্মীকে ছয় ঘণ্টা অবরুদ্ধ করে রাখার পর গাইবান্ধা থেকে পুলিশ ও র্যাব গিয়ে ফাঁকা গুলি ছুড়ে তাদের উদ্ধার করে।
এর পরপরই এলাকাবাসী হাসপাতালে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করে বলে ফুলছড়ি থানার ওসি মসিউর রহমান জানান।
ফুলছড়ির ওসি বলেন, এলাকাবাসীর ঘেরাওয়ের ফলে হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা অবরুদ্ধ হয়ে পড়েন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলেও জনগণের বাধার মুখে ফিরে আসে।
“পরে রাত ৮টার দিকে গাইবান্ধা থেকে অতিরিক্ত পুলিশ ও র্যাব গিয়ে ফাঁকা গুলি ছুড়ে তাদের উদ্ধার করে নিয়ে আসে। এর পরপরই এলাকাবাসী হাসপাতালটি ভাংচুর করে এবং বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়।”
নিখোঁজ আজাদের স্ত্রী শাহানাজ বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত মঙ্গলবার অফিসের কাজে আজাদুলকে সাভারে পাঠান গণস্বাস্থ্য কেন্দ্রের গাইবান্ধার আঞ্চলিক পরিচালক কাওসার আলী রেজা।
“ছয় দিন হয়ে গেল ও ফেরেনি। আমরা আঞ্চলিক অফিস আর চন্দিয়া হাসপাতালে খোঁজ নিয়েছি। তারা একেক সময় একেক রকম কথা বলে। আজাদের মোবাইল ফোনও কাল থেকে বন্ধ পাওয়া যাচ্ছে।”
তবে পুলিশ বলছে, একটি সনদ জালিয়াতির ঘটনা ধরা পড়ায় আজাদুল আত্মগোপন করেছেন। এ বিষয়ে গণস্বাস্থ্য কেন্দ্রের পক্ষ থেকে সাভারের আশুলিয়া থানায় একটি সাধারণ ডায়েরিও করা হয়েছে।
আঞ্চলিক পরিচালক কাওসারের বরাত দিয়ে ওসি মসিউর বিডিনিউজ টোযেন্টিফোর ডটকমকে বলেন, সম্প্রতি গণস্বাস্থ্য কেন্দ্রের সাভার প্রশিক্ষণ কেন্দ্র থেকে তিন বছর মেয়াদী প্রশিক্ষণপ্রাপ্ত এক স্বাস্থ্যকর্মীর সনদ নিয়ে প্রশ্ন ওঠে।
পরে তদন্তে বেরিয়ে আসে, ওই স্বাস্থ্যকর্মীর সনদ জাল। মাত্র আট মাস প্রশিক্ষণ নিয়েই ওই স্বাস্থ্যকর্মী সাভার কেন্দ্র ত্যাগ করেন। পরে টাকার বিনিময়ে দিনাজপুরে গণস্বাস্থ্য কেন্দ্রের আরেক কর্মী কাজী সেলিমের মাধ্যমে এমএলএসএস আজাদের কাছ থেকে ওই জাল সনদ সংগ্রহ করেন তিনি।
এ বিষয়ে তদন্তের জন্য আজাদকে গত মঙ্গলবার সাভারে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রধান কার্যালয়ে পাঠানো হয়। কিন্তু বিষয়টি বুঝতে পেরে আজাদ ‘পালিয়ে’ যান।
ওসি বলেন, “আজাদের স্বজনরা এলাকায় গুমের গুজব ছড়িয়ে দিলে শনিবার হাসপাতাল ঘেরাও করে স্থানীয়রা।”
আঞ্চলিক পরিচালক কাওসার বলেন, “সনদ জালিয়াতির ঘটনায় স্বাস্থ্যকর্মী কাজী সেলিমকেও তদন্তের জন্য সাভার কার্যালয়ে পাঠানো হয়েছে।”
হামলা ভাংচুরের ঘটনায় ফুলছড়ি থানায় একটি মামলাও দায়ের করেছেন কাওসার।
