২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদ্মায় চলছে শত বছরের পুরনো ফেরি

মাওয়া-কাওড়াকান্দি নৌরুটে শত বছরের পুরাতন ডাম্ব ফেরি চলাচল করায় চালক ও যাত্রীদের প্রতিনিয়ত ভোগান্তির শিকার হতে হয়। এ নৌপথে প্রতিদিন পার হচ্ছে শত শত যানবাহন।

রিপনচন্দ্র মল্লিক

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2014, 05:55 PM

Updated : 22 Aug 2022, 07:12 PM

যাত্রীরা ভোগান্তির অভিযোগ তুললে বিকল্প ফেরি না থাকায় এসব ফেরি  চালাতে হচ্ছে  বলে জানান বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

এ রুটে চলাচল করছে ডাম্ব ফেরি রায়পুরা, রানীক্ষেত, রানীগঞ্জ, থোবাল, টাপলো, ল্যান্টিং, মাঝারি 'কে' টাইপ ফেরি কলমিলতা, কাকলী, করবী, কেতকী, ফরিদপুর, কর্ণফুলী ও ‌'ঢাকা'সহ মোট ১৫টি ফেরি।

বিআইডব্লিউটিসির কাওড়াকান্দি ঘাটের সহকারী পরিচালক আবদুল বাতেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ডাম্ব ফেরিগুলো শত বছরের পুরনো। ফেরির বডির বিভিন্ন অংশ ভেঙে গেছে।

এই রুটে নতুন ফেরি যোগ না হওয়ায় বাধ্য হয়েই  পুরনো ফেরিগুলো চালাতে হচ্ছে বলে তিনি জানান।

নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেন, “এই রুটের ডাম্ব ও টানা ফেরিগুলোর বয়স একশ বছরেরও বেশি। আশা করছি  পুরনো ফেরিগুলো খুব শিগগিরই এই রুট থেকে অপসারণ করা হবে।”

ঢাকা থেকে বরিশালগামী যাত্রী মেরাজউদ্দিন বলেন, “বরিশালের উদ্দেশে মাওয়া ঘাটে এসে রায়পুরা ফেরিতে আমাদের গাড়ি ওঠে।  কিছুক্ষণ পরে জানানো হয় ফেরিটির বডি ফেটে গেছে। তাই সেখান থেকে নেমে পরে অন্য ফেরিতে পার হয়েছি।”

খুলনাগামী একটি বাসের চালক লিটন মিয়া জানান, দুর্ভোগ নিয়মিত পোহাতে হয়। নতুন ফেরি তো চলাচল করছে না, পুরনো ফেরিতে পার হতে হয়।