শেরপুর সদর উপজেলায় আ. লীগ সমর্থিত প্রার্থী চেয়ারম্যান
শেরপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার রাতে শেরপুর জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ মোখলেছুর রহমান এই ফলাফল ঘোষণা করেন।
তিনি জানান, চেয়ারম্যান পদে আওয়ামী সমর্থিত প্রার্থী ছানুয়ার হোসেন ছানু দোয়াত-কলম প্রতীকে ১ লাখ ২০ হাজার ৬৮৩ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান পদে নির্বাচিত হন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টি সমর্থিত কাপ-পিরিচ প্রতীকের প্রার্থী ইলিয়াছ উদ্দিন পেয়েছেন ৩৬ হাজার ১২৬ ভোট। এছাড়া বিএনপি সমর্থিত প্রার্থী সিরাজুল ইসলাম পেয়েছেন ২৮ হাজার ৫০৫ ভোট।
ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত তালা প্রতীকের প্রার্থী ভিপি বায়োজিত হাসান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত হাঁস প্রতীকের প্রার্থী শামীমা আরা শামীমা নির্বাচিত হয়েছেন।
নির্বাচন কর্মকর্তা মোঃ মোখলেছুর রহমান জানান, শেরপুর সদর উপজেলার ১৪টি ইউনিয়ন ও এক পৌরসভায় প্রায় ৩ লাখ ১৭ হাজারের মধ্যে প্রায় ১ লাখ ৯৭ হাজার ভোটার দিয়েছেন, যা মোট ভোটারের ৬১ শতাংশ।
এর আগে কোথাও কোন গোলযোগ ছাড়াই শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হয় বলে জানিয়েছেন তিনি।
