‘জামায়াতের সদস্যরা ব্যক্তিগত ও দলগত অপরাধ করেছিল’
মুক্তিযুদ্ধে জামায়াতে ইসলামীর সদস্যরা ব্যক্তিগতভাবে তো বটেই, দলগতভাবেও অপরাধ করেছিলো বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, “একাত্তরে জামায়াতের দুর্ষ্কম নিয়ে এখনও প্রতিবেদন লেখার জায়গা আছে।”
এসময় জামায়াতের ইসলামীর নায়েবে আমী দেলাওয়ার হোসাইন সাঈদীক ইঙ্গিত করে জাসদ সভাপতি ইনু বলেন, “কাউকে যদি সর্বোচ্চ আদালত দ্বারা দোষী সাব্যস্ত করা হয়, তাহলে সে ‘অপরাধী’। তাকে ধর্মগুরু বলা কোনক্রমেই উচিত নয়।
“তিনি সব বড় ধর্মগুরু হউক না কেন, সর্বোচ্চ আদালত তাকে যুদ্ধাপরাধী, খুনি, নারী নির্যাতনকারী হিসেবে চিহ্নিত করেছে। সেই দোষে দণ্ডিত করেছে।”
তিনি বলেন, “এখনও প্রাক্তন প্রধানমন্ত্রীরা খালেদা জিয়ার মতো ব্যক্তিত্ব অপরাধীদের লালন করেন। ৫ জানুয়ারি নির্বাচনের আগে দেশে সহিংসতা চালাতে উস্কানি দিয়েছেন খালেদা জিয়া।”
তথ্যমন্ত্রী বলেন, “প্রশাসনের কেউ কিংবা পুলিশ, র্যাব বা কোনো বাহিনীর সদস্য যদি খুন করে দুর্ষ্কম করে তাকে দায়মুক্তি দেয়ার বিধান বাংলাদেশে নেই।
“কোন বাহিনীর দুর্ষ্কম এবং রাজনৈতিক নেতার অপরাধীর সঙ্গে যোগাযোগ, সখ্যতা আপনারা (সাংবাদিক) নিউজের মাধ্যমে তুলে এনে সরকারকে সাহায্য করবেন।”
ক্রাইম রিপোর্টার্স বহুমুখী সমবায় সমিতির সভাপতি সাব্বির মাহমুদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ঢাকা রিপোর্টার্স ইউনিটি বহুমুখী সমবায় সমিতির সভাপতি মাহমুদুর রহমান খোকন,ক্রাইম রিপোর্টার্স বহুমুখী সমবায় সমিতির সম্পাদক নেসারুল হক খোকন,ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু সালেহ আখন্দ,এনটিভির প্রতিবেদক ফখরুল আলম কাঞ্চন এবং ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও পরিচালক (কো-অপ্ট) সাখাওয়াত হোসেন বাদশা।
