মামলায় দীর্ঘসূত্রতা কাটাতে সারা দেশে কমিটি গঠনের নির্দেশ
নিষ্পত্তির দীর্ঘসূত্রতা কমাতে দেশের সব জেলায় মামলা ব্যবস্থাপনা কমিটি করার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন।
সুপ্রিম কোর্টের বিশেষ কর্মকর্তা এসএম কুদ্দুস জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
ইউএনডিপির সহায়তায় জুডিশিয়াল স্ট্রেনদেনিং (জাস্ট) প্রকল্পের আওতায় এর আগে ঢাকা, কিশোরগঞ্জ ও রাঙ্গামাটিতে পাইলট প্রকল্প হিসাবে এ কমিটি করা হয়। এসব কমিটির কার্যক্রমে মামলা নিষ্পত্তির হার ৭৪ শতাংশ থেকে বেড়ে ৯৮ শতাংশ হয়।
এরপর গত ৪ সেপ্টেম্বর বিচারিক সংস্কারের বিশেষ কমিটি গঠনের এই কার্যক্রম সারা দেশে ছড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়। ওই সিদ্ধান্তের আলোকেই নির্দেশনা জারি করা হয়।
এসএম কুদ্দুস জামান জাস্টের জাতীয় প্রকল্প পরিচালক।
নির্দেশনায় বলা হয়েছে- মহানগর আদালতে মহানগর দায়রা জজ কমিটির সভাপতি থাকবেন। এছাড়া মহানগর বিশেষ জজ (প্রযোজ্য ক্ষেত্রে), মুখ্য মহানগর হাকিম, অতিরিক্ত মহানগর দায়রা জজ, মহানগর পাবলিক প্রসিকিউটর এবং আইনজীবী সমিতির সভাপতি ও সম্পাদক কমিটিতে থাকবেন।
জেলা আদালতে কমিটির সভাপতি হবেন জেলা ও দায়রা জজ। সদস্য হিসাবে থাকবেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (প্রযোজ্য ক্ষেত্রে), বিশেষ জজ (প্রযোজ্য ক্ষেত্রে), অতিরিক্ত জেলা জজ, মুখ্য বিচারিক হাকিম, জেলা পাবলিক প্রসিকিউটর, জেলা সহকারি কৌঁসুলি, জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সম্পাদক।
নির্দেশনায় বলা হয়েছে, কমিটি সংশ্লিষ্ট এলাকায় কর্মরত যে কোনো সরকারি কর্মকর্তা, সরকারি আইনজীবীকে প্রয়োজন অনুসারে কমিটির সভায় অংশ নিতে আমন্ত্রণ জানাতে পারবে। কমিটি প্রতি মাসে অন্তত একবার সভায় মিলিত হবে।
কমিটিকে নিজেদের অধিক্ষেত্রে মামলা ব্যবস্থাপনা কার্যক্রম পর্যবেক্ষণ করে আরও গতিশীল পদ্ধতির জন্য প্রধান বিচারপতির কাছে সুপারিশ পাঠাতে হবে।
পাশাপাশি মামলা ব্যবস্থাপনায় বিলম্বের কারণসহ অন্যান্য সমস্যা চিহ্নিত করে কমিটিকে প্রতিকারমূলক ব্যবস্থাও নিতে হবে।
