২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চুরির অপবাদে পলিটেকনিক ছাত্রকে ‘পিটিয়ে হত্যা’

গোপালগঞ্জ সদরে মঙ্গলবার চুরির অপবাদ দিয়ে এক পলিটেকনিক ছাত্রকে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2014, 09:20 PM

Updated : 25 Apr 2022, 04:44 PM

মৃত প্রহ্লাদ মন্ডল (২০)  সদর উপজেলার কাজুলিয়া গ্রামের রমেশ মন্ডলের ছেলে এবং খুলনা খানজাহান আলী পলিটেকনিক ইনস্টিটিউটের কৃষি ডিপ্লেমা বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র।

তবে, প্রহ্লাদের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।

প্রহ্লাদের মা ঊষা রানী মন্ডল বলেন, “মঙ্গলবার সকালে প্রতিবেশী হিঙ্গুল দাড়িয়ার ছেলে শহিদুল হাওলাদার, সিরাজ হাওলাদার, শহিদুলের ভাগ্নে সোহেল আমার ছেলেকে চোর অপবাদ দিয়ে ধরে ঘরে নিয়ে যায় এবং বেদম মারপিট করে। এক পর্যায়ে তারা শ্বাসরোধে প্রহ্লাদকে হত্যা করে।”

পরে তার লাশ শহিদুলের বাড়ির ড্রইং রুমের ছাদের হুকের সাথে ওড়না দিয়ে ঝুলিয়ে রেখে আত্মহত্যা করেছে বলে প্রচার করে তারা, বলেন ঊষা রানী।

ঊষা রানী জানান, গত বুধবার বাগেরহাট থেকে প্রহ্লাদ বাড়ি আসে। রোববার তার ঢাকা যাওয়ার কথা ছিল, হরতালের কারণে যেতে পারেনি।

এ ঘটনার  পর থেকে সৌদি আরব প্রবাসী শহিদুলের পরিবারের সবাই পলাতক রয়েছে।

প্রহ্লাদের বাবা রমেশ মন্ডল বলেন, তাদের জমির উপর দিয়ে শহিদুল চলাফেরা করে। এ নিয়ে তাদের মধ্যে বিরোধ রয়েছে।

তাদের সম্পত্তি গ্রাস করতে পরিকল্পিতভাবে শহিদুলরা তার ছেলেকে হত্যা করেছে বলে অভিযোগ করেন তিনি।

গোপালগঞ্জ সদর থানার ওসি জাকির হোসেন মোল্লা জানান, প্রহ্লাদের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করা হয়।  গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে বুধবার ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।

এ ব্যাপরে একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট হাতে আসার পর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

ময়নাতদন্ত শেষে বুধবার প্রহল্লাদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। পরে কাজুলিয়া গ্রামের শশ্মানে তাকে দাহ করা হয়।

রমেশ মন্ডলের ৪ মেয়ে ও ১ ছেলের মধ্যে প্রহল্লাদ সবার ছোট।

বিক্ষোভ মিছিল

হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে  বুধবার বেলা ১১ টায় গোপালগঞ্জ প্রেসক্লাবের সামনের সড়কে মানববন্ধন করে কাজুলিয়া গ্রামবাসী।

পরে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রসাশকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।

সেখানে  দোষীদের গ্রেপ্তার ও এর সুষ্ঠু বিচারের আশ্বাস দিয়ে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক এএনএম মঈনুল ইসলাম ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলী খান।

পরে জেলা প্রসাশক ও পুলিশ সুপারের বরাবর স্মারকলিপি প্রদান করেন তারা।