চিংড়িতে অপদ্রব্য, আড়ৎ কর্মচারীর কারাদণ্ড
বাগেরহাটের ফকিরহাটে চিংড়ির ওজন বাড়াতে ‘অপদ্রব্য’ ঢোকানোর সময়ে এক আড়ৎ কর্মচারীকে দুই বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার বিকালে বাগেরহাটের নির্বাহী হাকিম শাহ মো. রফিকুল ইসলামের ভ্রাম্যমাণ আদালত উপজেলার ফলতিতা বাজারের মৎস্য আড়তে এ অভিযান চালায়।
এ সময় ওই বাজারের সাতটি আড়ৎ থেকে ২৫ মণ চিংড়ি জব্দ করে ধ্বংস করা হয়েছে।
দণ্ডিত শাহজালাল সরদার খুলনা মহানগরীর নতুন বাজার এলাকার প্রয়াত আসমত আলী সরদারের ছেলে। তিনি ফলতিতা বাজারের ওবায়দুর রহমানের আড়তের কর্মচারী।
নির্বাহী হাকিম শাহ মো. রফিকুল ইসলাম বলেন, ওই আড়তের বাগদা ও গলদা চিংড়ি কেনাবেচার ঘরে গিয়ে দেখি সাগু ও জেলি জাতীয় রাসায়নিক দ্রব্য ঢুকিয়ে চিংড়ির ওজন বাড়াতে শ্রমিকরা কাজ করছে।
এ সময় ওই ঘরে কাজ করা মালিক ও শ্রমিক ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পালিয়ে যাওয়ার চেষ্টা করলে শাহ জালালকে ধাওয়া করে আটক করা হয়।
এছাড়া ওই বাজারের সাতটি আড়ৎ থেকে প্রায় ২৫ মণ চিংড়ি জব্দ করা হয় বলেও তিনি জানান।
তিনি বলেন, পরে শাহজালাল চিংড়িতে ‘অপদ্রব্য’ ঢোকানোর কথা স্বীকার করলে তাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর আওতায় দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।
