২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নাট্যকর্মী পংকজ বসু হত্যার বিচার দাবি

মাগুরার মহম্মদপুর উপজেলায় নাট্যকর্মী পংকজ বসু হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়েছে।

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2014, 04:40 PM

Updated : 13 Oct 2022, 12:37 PM

বুধবার দুপুরে উপজেলার বিনোদপুর বাজার এলাকায় সম্মিলিত নাট্য পরিষদ এ কর্মসূচির আয়োজন করে।

দুপুর ১টার দিকে একটি মিছিল বিনোদপুর বাজার এলাকা থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক ঘুরে বাজারের বাসস্ট্যান্ড মোড়ে মানববন্ধন ও সমাবেশে মিলিত হয়। এতে নাট্য ও সংস্কৃতি কর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

সমাবেশে নাট্যকর্মী রোকনুজ্জামান, সাবেক উপজেলা চেয়ারম্যান গোলাম রব্বানী, সমাজ সেবক গোলাম মহম্মদ, হিন্দু-বৌদ্ধ-খ্রীস্ট্রান ঐক্য পরিষদ নেতা কানু তেওয়ারী, রবীন্দ্রনাথ বিশ্বাস, ইন্দ্রজিৎ বিশ্বাস, নাট্যকর্মী সালাহ উদ্দিন, চিত্তরঞ্জন রায়সহ অন্যরা বক্তব্য রাখেন।

গত ১২ সেপ্টেম্বর সন্ধ্যায় মহম্মদপুরের নারায়ণপুর গ্রামে নিজ বাড়ির পাশে কয়েকজন দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পংকজকে হত্যা করে।

হত্যাকাণ্ডের পর ১২ দিন পার হলেও খুনিরা গ্রেপ্তার না হওয়ায় সমাবেশে ক্ষোভ প্রকাশ করে দ্রুক তাদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানান বক্তারা।