নীলফামারীর কিশোরগঞ্জে আদাক্ষেতে মড়ক
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় আদার গোড়া পচা রোগ দেখা দেয়ায় দুশ্চিন্তায় রয়েছেন চাষিরা।
মড়কে ভুক্তভোগী চাষিরা কৃষি কর্মকর্তার সহযোগিতা না পাওয়ার অভিযোগ করলেও তা স্বীকার করেননি সংশ্লিষ্ট কর্মকর্তা।
কিশোরগঞ্জ উপজেলা কৃষি বিভাগের কর্মকর্তারা জানান, চলতি মৌসুমে এই উপজেলায় ৪১০ হেক্টর জমিতে আদা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। আবহাওয়ার প্রতিকূলতার কারণে পরে তা কমিয়ে ২৯০ হেক্টর নির্ধারণ করা হয়।
কিশোরগঞ্জ সদরের আদা চাষি রশিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এবার ৪৭ শতাংশ জমিতে আদা চাষ করেছি। এতে আদার বীজ, কীটনাশক, সার ও পরিচর্যাসহ ৮৫ হাজার টাকা খরচ হয়েছে।
“গত ৪/৫ দিন থেকে হঠাৎ আদাক্ষেতে মড়ক লেগে অর্ধেক গাছ মরে গেছে।”
এবার চাষের খরচের অর্ধেকও তুলতে পারবেন না বলে শঙ্কা তার।
“কৃষি কর্মকর্তার কাছে গেলে ‘আসব, আসছি’ বলে সময় পার করে দিচ্ছেন। ক্ষেতে মড়ক লাগার পর কৃষি কর্মকর্তা একবারও আসেননি।”
উপজেলার পুটিমারী ইউনিয়নের আদা চাষি মোকবুল হোসেন জানান, এবার সাড়ে তিন বিঘা জমিতে এক লাখ ১০ হাজার টাকা খরচ করে আদা রোপন করেছেন। গত ২/৩ দিন ধরে গোড়া পচে গাছ মরে যাচ্ছে।
“ভাবছি আগামী বছর থেকে আর আদা চাষ করবো না,” বলেন তিনি।
ক্ষেত পরিদর্শন করে পরামর্শ দিতে সংশ্লিষ্ট উপ-সহকারী কৃষি কর্মকর্তাকে অনুরোধ করলেও তিনি যাননি বলে এই চাষিও অভিযোগ করেন।
একই কথা জানালেন সদরের চাঁদখানা গ্রামের আদা চাষি শরিফুল ইসলাম।
বর্গা নেয়া এক বিঘা আর নিজের এক বিঘা মিলিয়ে দুই বিঘায় আদা রোপন করেন তিনি। এতে তার ৮০ হাজার টাকা খরচ হয়ে যায়।
বৃহস্পতিবার বিকালে উপ-সহকারী কৃষি কর্মকর্তা বেলাল হোসেনের সঙ্গে যোগাযোগ করা হয়।
কৃষকদের এসব অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, “সব চাষিদের কাছে তো এক দিনে যেতে পারব না। পর্যায়ক্রমে সবার কাছে যাব।”
তার কাজের ফিরিস্তি দিয়ে তিনি জানান, বুধবার সকালে ক্ষেত পরিদর্শন করেছেন। চাষিদের যথেষ্ট পরামর্শ দিয়েছেন বলেও দাবি করেন।
“এমনকি কোন কোন চাষির উঠানে বৈঠক করে আদা পচন কীভাবে রোধ করা যায় সেই পরামর্শ দিয়েছি” যোগ করেন তিনি।
আদায় মড়ক দেখা দেয়ার কথা স্বীকার করেন কিশোরঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা বুশরাত জাহান।
তবে তিনি বলেন, “অতিরিক্ত গরমে সামান্য কিছু জমির আদা গাছের গোড়ায় পচন দেখা গেছে। এতে তেমন ক্ষতি হবে না কৃষকদের।”
যে সব এলাকায় এ পচন দেখা দিয়েছে সেসব জায়গায় উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের কৃষকদের গ্রুপ মিটিং করে মড়ক রোধের যাবতীয় পরামর্শ দিতে নির্দেশ দিয়েছেন বলেও জানান।
