সংসদীয় কমিটির সভাপতির পদ পেল বিরোধী দল
দশম সংসদে বিরোধী দল জাতীয় পার্টি থেকে প্রথম সংসদীয় কোনো কমিটির সভাপতি হলেন তাজুল ইসলাম চৌধুরী।
বিরোধীদলীয় প্রধান হুইপ তাজুলকে বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির প্রধানের পদটি দিতে সংসদ নেতা শেখ হাসিনার প্রস্তাব বৃহস্পতিবার অনুমোদন করে সংসদ।
দলের চেয়ারম্যান এইচ এম এরশাদের বিরাগভাজন তাজুলকে গত ১০ সেপ্টেম্বর জাতীয় পার্টির সভাপতিমণ্ডলী থেকে অব্যাহতি দেওয়া হয়।
দশম সংসদের প্রথম অধিবেশনে ৫০টি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়। ওই সময় বিরোধী দল থেকে কোনো সভাপতির পদ দেওয়া হয়নি।
গত নবম সংসদে বিরোধী দল বিএনপির সংসদ সদস্যদের কমিটি সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছিল।
ওই সংসদে জাতীয় পার্টি থেকে দুজনকে সভাপতি করা হয়। এছাড়া বিএনপি থেকে ২ জন এবং এলডিপি থেকে একজন সভাপতির দায়িত্ব পেয়েছিলেন।
তাজুল এতদিন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
সংসদ নেতা শেখ হাসিনার পক্ষে পাঁচটি সংসদীয় পুনর্গঠনের প্রস্তাব অধিবেশনে তোলেন প্রধান হুইপ আ স ম ফিরোজ। পরে সেগুলো কণ্ঠভোটে পাস হয়।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, পরিবেশ ও বন মন্ত্রণালয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, পানিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য পদে পরিবর্তন আনা হয়েছে।
