২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে ১০ ভুয়া চিকিৎসককে জেল-জরিমানা

ফরিদপুরে সনদ ছাড়াই চিকিৎসকের সাইনবোর্ড ব্যবহার করে চিকিৎসার নামে প্রতারণার অভিযোগে ১০ জনকে গ্রেপ্তার করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। তাদের জরিমানাও করা হয়েছে।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2014, 10:04 AM

Updated : 25 Apr 2022, 04:42 PM

ফরিদপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনদীপ ঘরাই জানান, মঙ্গলবার সন্ধ্যার দিকে কানাইপুর, বাখুন্ডা, মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এবং শহরের সুপার মার্কেট এলাকায় এসব অভিযান চালানো হয়।   

পরে ১০ জনকে ছয় মাস থেকে এক বছর পর্যন্ত কারাদণ্ড এবং ৫০ থেকে ৮০ হাজার টাকা পর্যন্ত জরিমানা করা হয়েছে।  

এরা হলেন-উজ্জল হোসেন (২৮), শাখাওয়াত হোসেন (২৯), হাফিজুর রহমান (৩৩), প্রিয়া আক্তার (২৭), জাহিদ হোসেন (৩৮), আক্তারুজ্জামান খান (৩৩), এখলাস উদ্দিন মৃধা (৩৫), আলতাফ হোসেন (৪৬), আব্দুল কাদের (৪৮) ও আব্দুল খায়ের (৩৬)।

নির্বাহী ম্যাজিস্টেট মনদীপ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দণ্ডিতরা ডাক্তারি পাসের কোন সনদ দেখাতে পারেনি। ডাক্তার না হয়েও সাইনবোর্ডে নামের পাশে ডাক্তার পদবি ব্যবহার করেছেন তারা।

“দীর্ঘ দিন ধরে তারা সাধারণ মানুষদের সঙ্গে প্রতারণা করে অর্থ হাতিয়ে নিতো।”

ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নেতৃত্বে ছিলেন-ম্যাজিস্ট্রেট এস এম শাহীন, ম্যাজিস্ট্রেট রুবায়েত হায়াত শিপলু, ডেপুটি সিভিল সার্জন গোলাম ফারুক, র‌্যাব ফরিদপুর ক্যাম্পের অধিনায়ক মেজর মোজাম্মেল প্রমুখ।